রোববার ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১২:৩৪, ২২ নভেম্বর ২০২৬

মধ্যনগরে আট মাস ধরে ইউএনও পদ শূন্য, লক্ষাধিক মানুষের ভোগান্তিতে

মধ্যনগরে আট মাস ধরে ইউএনও পদ শূন্য, লক্ষাধিক মানুষের ভোগান্তিতে
ছবিঃ সংগৃহীত

সুনামগঞ্জের মধ্যনগরে প্রায় আট মাস ধরে খালি পড়ে আছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদটি। এতে এ উপজেলার প্রশাসনিক কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। এছাড়াও এ উপজেলার সঙ্গে সংযুক্ত চার ইউনিয়নের লক্ষাধিক মানুষ সরকারি সেবা পেতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

মধ্যনগর উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ তৎকালীন ইউএনও উজ্জ্বল রায় বদলিজনিত কারণে মধ্যনগর ছাড়েন। এরপর থেকে এই উপজেলায় ইউএনও পদটি শূন্য রয়েছে। এমনকি এই মধ্যনগর উপজেলায় এখনো সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড পদ সৃষ্টি না হওয়ায় ভূমি সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হয় পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলা থেকে। এ কারণে ১৫ মার্চ থেকে ২৩ জুলাই পর্যন্ত মধ্যনগরের ভারপ্রাপ্ত ইউএনও’র দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ। পরে তিনিও বদলি হয়ে চলে যান।

মধ্যনগরের ইউএনও ও এসিল্যান্ডের অতিরিক্ত দায়িত্ব এখন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়ের ওপর। সেদিন থেকে একজন কর্মকর্তাকে তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতে হচ্ছে। যার ফলে এক কর্মকর্তার পক্ষে একসঙ্গে তিনটি দায়িত্ব পালন করতে গিয়ে স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

খোঁজ নিয়ে জানা যায়, মধ্যনগর উপজেলা প্রশাসনের প্রধান কর্মকর্তার অনুপস্থিতিতে বিভিন্ন প্রত্যয়নপত্র প্রদান, উন্নয়ন প্রকল্পের অনুমোদন, আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভা, নাগরিক সনদ ও সরকারি কর্মসূচি তদারকি, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ বিভিন্ন কাজে স্বাভাবিক গতি নেই। অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় সেবা পেতে একাধিকবার উপজেলা পরিষদে ধন্য দিয়েও পর্যাপ্ত সেবা না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরতে হচ্ছে সেবাপ্রত্যাশীদের।

মধ্যনগর উপজেলার বাসিন্দা রহমান মিয়া বলেন, “সুনামগঞ্জের ১২ উপজেলার মধ্যে মধ্যনগর উপজেলা অনেক দুর্গম। এটিকে যখন থেকে উপজেলা করা হয়েছে, তখন থেকেই এখানের উপজেলা পরিষদের সেবা নিতে এসে অনেকেই হতাশ হয়ে ফিরেছেন, কারণ এখানে পর্যাপ্ত পরিমাণ লোকবল নেই।”

মধ্যনগর উপজেলার বাসিন্দা মফিজ মিয়া বলেন, “এখানের ৪ ইউনিয়নের যে গ্রামগুলো রয়েছে সেগুলো অনেক দুর্গম। যেকোনো কাজে গ্রামের মানুষের উপজেলা সদরে আসা এবং যাওয়াতেই প্রায় সারাদিন কেটে যায়। অথচ ইউএনও না থাকায় অনেক সময় প্রয়োজনীয় সেবা না নিয়েই ফিরে যেতে হচ্ছে।”

মধ্যনগর উপজেলার বাসিন্দা রতন মিয়া বলেন, “যখন এই অবহেলিত দুর্গম এলাকাকে উপজেলা হিসেবে ঘোষণা করা হয় তখন এখানকার মানুষ প্রচুর খুশি হয়েছিল। কিন্তু এখন মনে হচ্ছে এটা শুধু নামেই উপজেলা হয়েছে। এখনও অধিকাংশ কাজের জন্য এ উপজেলার মানুষকে পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলায় যেতে হয়। এটা সত্যি দুঃখজনক।”

মধ্যনগর উপজেলার বাসিন্দা খলিল মিয়া বলেন, “মধ্যনগর উপজেলা উন্নয়ন ও প্রশাসনিক দিক দিয়ে অনেক পিছিয়ে। এ উপজেলায় এখন পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের কাজও শুরু হয়নি। ফলে এটা উপজেলা ঘোষণা হওয়ার পর এখানে বসবাস করা মানুষের যে প্রত্যাশা ছিল সেই অনুযায়ী উপজেলার অগ্রগতি হয়নি।”

মধ্যনগর উপজেলার বাসিন্দা জসিম মিয়া বলেন, “মধ্যনগর উপজেলা পরিষদের প্রধান কর্মকর্তা প্রায় আট মাস ধরে নেই। এটা কোনোভাবেই কাম্য নয়। ফলে এ উপজেলার বিভিন্ন সরকারি কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সমন্বয়হীনতা তৈরি হচ্ছে। শুধু তাই না, একটি নতুন উপজেলা হিসেবে মধ্যনগরের সার্বিক উন্নয়ন ও জনসেবা নিশ্চিত করতে দ্রুত একজন পূর্ণকালীন ইউএনও পদায়ন করা জরুরি।”

মধ্যনগর উপজেলার বাসিন্দা হরি বর্মণ বলেন, “উপজেলা শুধু নামমাত্র ঘোষণা করা হয়েছে অথচ এখনও কার্যক্রম শুরু হয়নি। এটা মানা যায় না। এই দিকে সরকার ও স্থানীয় জেলা প্রশাসনের নজর দেওয়া উচিত।”

স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম বলেন, “মধ্যনগরকে উপজেলা হিসেবে ঘোষণা করা হলেও এখনও এখানে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ ও চালু হয়নি। এতে সাধারণ মানুষের সেবা প্রাপ্তিতে জটিলতা তৈরি হচ্ছে।”

স্থানীয় বাসিন্দা আলম মিয়া বলেন, “দুর্গম এলাকার বাসিন্দা হিসেবে আমার একটাই দাবি, এ উপজেলায় দ্রুত পূর্ণকালীন একজন নির্বাহী কর্মকর্তা ইউএনও থাকা জরুরি। সেই সাথে এই উপজেলার ভূমি প্রশাসনের কার্যক্রমসহ সব কার্যক্রম যাতে এক চত্বরে মিলে সেই দাবি জানাই।”

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান বলেন, “মধ্যনগরে নতুন ইউএনও পদায়নের বিষয়টি জেলা প্রশাসক স্যার বিভাগীয় কমিশনারকে জানিয়েছেন। সিলেট বিভাগে কর্মকর্তা যোগদান করলেই মধ্যনগরে ইউএনও দেওয়া হবে বলে কমিশনার স্যার আমাদের আশ্বস্ত করেছেন। আশা করছি, খুব শিগগিরই মধ্যনগরে ইউএনও পদায়ন হবে।”

প্রসঙ্গত, ২০২১ সালের ২৬ জুলাই নিকারের ১১৭তম সভায় মধ্যনগরকে উপজেলা হিসেবে ঘোষণা ও অনুমোদন দেওয়া হয়। পরে ২০২২ সালের ২০ জুলাই প্রথম ইউএনও পদায়নের মধ্য দিয়ে এ উপজেলার প্রশাসনিক কার্যক্রমের যাত্রা শুরু হয়। এরপর বিভিন্ন সময়ে মোট নয়জন কর্মকর্তা ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে তাদের মধ্যে মাত্র তিনজন মধ্যনগরে মূল দায়িত্বে ছিলেন। বাকি ছয়জনই পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলার ইউএনও কিংবা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি এখানে অতিরিক্ত বা ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেছেন।

জনপ্রিয়