রাস্তা নিয়ে বিরোধ, বল্লমের আঘাতে যুবদল নেতা নিহত
কিশোরগঞ্জের কটিয়াদীতে শ্বশুরবাড়ির চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বল্লমের আঘাতে সোহেল মিয়া (৩৫) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার করগাঁও ইউনিয়নের উত্তর বাটরা গাববাড়ি এলাকায় দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সোহেল মিয়া উপজেলার করগাঁও ইউনিয়নের কাটুকদিয়া গ্রামের বাসিন্দা। তিনি আবদুস সালামের ছেলে। সোহেল করগাঁও ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক এবং ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর বাটরা গ্রামে সোহেলের শ্বশুর শাহজাহান মিয়া ও চাচা শ্বশুর আকবর আলীর মধ্যে বাড়িতে যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে একাধিকবার সালিস-বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।
এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর আবারও ওই রাস্তা নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। এ সময় শ্বশুরবাড়িতে অবস্থান করা সোহেল মিয়া এবং আকবর আলীর মেয়ের জামাই কালু মিয়াও বিবাদে জড়িয়ে পড়েন। একপর্যায়ে কথা-কাটাকাটি রূপ নেয় সংঘর্ষে।
অভিযোগ অনুযায়ী, সংঘর্ষের একপর্যায়ে কালু মিয়া ও তার সঙ্গে থাকা কয়েকজন সোহেলকে বল্লম দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত কালু মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।
কটিয়াদী উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাসুদ বলেন, নিহত সোহেল মিয়া করগাঁও ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। এ হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, রাস্তা নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



























