রোববার ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৪:৫২, ২২ নভেম্বর ২০২৬

গাজীপুরে আবারও শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা

গাজীপুরে আবারও শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা
ছবি: সংগৃহীত

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে আবারও বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ ও অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করলে তারা ছত্রভঙ্গ হয়ে যান। এ ঘটনায় প্রায় পৌনে এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

রোববার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে মিছিল করেন শ্রমিকরা।

পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, রোববার সকালে শ্রীপুরের হ্যামস গার্মেন্টস, আমান কটন, ড্যানিমেক গার্মেন্টসসহ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। পরিস্থিতি বিবেচনায় কারখানাগুলো ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা দলবদ্ধ হয়ে লাঠিসোঁটা হাতে মিছিল নিয়ে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় মহাসড়কে অবস্থান নেন। এতে প্রায় পাঁচ মিনিট যান চলাচল বন্ধ থাকে।

পরে গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির সদস্যরা মহাসড়কে অবস্থান নেন। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়লে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে আনসার রোডের দিকে মিছিল নিয়ে এগিয়ে যান। একপর্যায়ে তারা আশপাডা মোড়ে সাবলাইম কারখানার সামনে অবস্থান নেন। এ সময় শ্রমিকদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে পিছু হটে ১ নম্বর সিএন্ডবি বাজার এলাকায় অবস্থান নেন।

পরে সেখানেও পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। একপর্যায়ে তাদের ধাওয়া দিয়ে আনসার রোড থেকে পশ্চিম দিকে সরিয়ে দেওয়া হয়। এরপর দুপুর ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সফিউল বলেন, শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেয়ার চেষ্টা করেছিলেন। পরে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশ, এসআরবি, বিজিবি ও আনসার সদস্যদের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

জনপ্রিয়