রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ০১:০৬, ২৯ নভেম্বর ২০২৬

আনোয়ারায় আওয়ামী লীগের মশাল মিছিল ঘিরে বিএনপির সঙ্গে সংঘর্ষ

আনোয়ারায় আওয়ামী লীগের মশাল মিছিল ঘিরে বিএনপির সঙ্গে সংঘর্ষ
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মশাল মিছিলের চেষ্টাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে হামলা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঝটিকা ও মশাল মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের মাবু আলীর টেক এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মশাল মিছিল বের করার চেষ্টা করেন। খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে হামলা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে আনোয়ারা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে, শনিবার সন্ধ্যা ও রাতে উপজেলার বরুমচড়া ও রায়পুর ইউনিয়নেও ঝটিকা ও মশাল মিছিল বের করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রায়পুর ইউনিয়নের ওয়াহিদ আলী চৌধুরীর বাজার এলাকায় রাত ৯টার দিকে ২০ থেকে ৩০ জনের একটি দল বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করে। মাত্র তিন মিনিটের মধ্যে তারা স্থান ত্যাগ করে। একইভাবে বরুমচড়া ইউনিয়নেও সন্ধ্যার পর ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে।

অন্যদিকে, রায়পুর ও বরুমচড়া ইউনিয়নের এসব মিছিলের কয়েকটি সংক্ষিপ্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রের দাবি, উপজেলার একাধিক আওয়ামী লীগ নেতা তাঁদের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এসব ভিডিও প্রচার করেছেন।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, হাইলধর এলাকায় নিষিদ্ধ সংগঠনের মশাল মিছিল বের করার চেষ্টাকালে বিএনপির নেতাকর্মীরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা পালিয়ে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মিছিলের ভিডিওগুলো যাচাই-বাছাই করে জড়িতদের শনাক্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে উপজেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।