নিরাপত্তার শঙ্কায় খুলনা-ঢাকা রুটে পদ্মা সেতু হয়ে বাস চলাচল বন্ধ
নিরাপত্তার শঙ্কায় খুলনা-ঢাকা রুটে পদ্মা সেতু হয়ে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন অধিকাংশ পরিবহন মালিক। বিকল্প পথ হিসেবে গোপালগঞ্জ এড়িয়ে আড়িচা ঘাট হয়ে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন।
শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৫টা থেকে পদ্মা সেতু হয়ে বাস চলাচল বন্ধ করে দেয় ইমাদ পরিবহন। একই সঙ্গে এ রুটে নতুন করে টিকিট বিক্রিও বন্ধ রেখেছে অধিকাংশ পরিবহন। আগামী ২৯ ও ৩০ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সড়কে সহিংসতা এবং যানবাহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খুলনা ইমাদ পরিবহনের ম্যানেজার মো. জাকির হোসেন বলেন, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিকেল ৫টা থেকে পদ্মা সেতু হয়ে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
তিনি জানান, শনিবার দুপুরে খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া তাঁদের একটি বাস বিকেলে পথে আটকে পড়েছিল। তবে বাসটির সর্বশেষ অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। কবে নাগাদ এ রুটে বাস চলাচল শুরু হবে, সে সিদ্ধান্তও হয়নি।
খুলনা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ম্যানেজার মো. আব্দুল কাদের জানান, শনিবার সকাল থেকে তাঁদের বাস চলাচল করেছে। তবে সন্ধ্যার পর পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
সোনাডাঙ্গা বাস টার্মিনালের একাধিক সূত্র জানায়, শনিবার বিকেল থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাসের নতুন টিকিট বিক্রি বন্ধ রেখেছেন সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষ। এতে জরুরি প্রয়োজনে ঢাকায় যেতে চাওয়া যাত্রীরা অনিশ্চয়তায় পড়েছেন।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ খান শনিবার সন্ধ্যা ৬টার দিকে বলেন, যাত্রীদের নিরাপত্তা এবং পরিবহন ও জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কায় গোপালগঞ্জ হয়ে বাস চলাচল বন্ধ রাখা হচ্ছে। বিকল্প হিসেবে আড়িচা ঘাট হয়ে ঢাকায় বাস চলাচল করবে।
তিনি আরও বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প রুটে বাস চলাচল অব্যাহত থাকবে। এ বিষয়ে সন্ধ্যায় একটি সভা আহ্বান করা হয়েছে। আপাতত গোপালগঞ্জ রুটে কোনো বাস চলবে না।



























