রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ০১:১৭, ২৯ নভেম্বর ২০২৬

মোল্লাহাট সেতুতে বিএনপি-আ.লীগের সংঘর্ষ

মোল্লাহাট সেতুতে বিএনপি-আ.লীগের সংঘর্ষ
ছবিঃ সংগৃহীত

গোপালগঞ্জ ও বাগেরহাট জেলার সীমান্তবর্তী মোল্লাহাট সেতুতে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যার পর শুরু হওয়া এ সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়তে হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে গোপালগঞ্জের ঘোনাপাড়ায় সমাবেশ শেষে সন্ধ্যার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশীয় লাঠিসোঁটা ও মশাল নিয়ে মিছিল সহকারে মোল্লাহাটের দিকে অগ্রসর হন। মিছিলটি সেতুর গোপালগঞ্জ প্রান্তে পৌঁছালে বাগেরহাট প্রান্তে অবস্থান নেওয়া স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁদের ধাওয়া দেন।

এরপর দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। সংঘর্ষকে কেন্দ্র করে সেতু এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ, বিজিবি, আনসার ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। উত্তেজিত দুই পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সেতুর দুই পাশে মুখোমুখি অবস্থানে ছিলেন। যৌথ বাহিনীর তৎপরতায় উভয় পক্ষ সরে গেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সেতু দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।