রাজধানীর মগবাজার ও হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মিরপুরে বাসে আগুন
রাজধানীর মগবাজার ও হাতিরঝিল এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই দিনে মিরপুরে একটি বাস এবং মোহাম্মদপুরে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টা ৫০ মিনিটের দিকে মগবাজারে নাভানা রিয়েল এস্টেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই সময়ে হাতিরঝিলের মধুবাগ সংলগ্ন এলাকাতেও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, মগবাজারে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা নাভানা রিয়েল এস্টেটের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে হাতিরঝিল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের আলামত উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে, শনিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বরে তিতাস পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাসটির কয়েকটি আসন পুড়ে যায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
অন্যদিকে, একই দিন ভোরে মোহাম্মদপুরের বসিলায় ডিএমপির পশ্চিম পুলিশ লাইন্সের সামনে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) গাড়ির গ্যারেজে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে একটি গাড়ির কয়েকটি আসন পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।



























