গোপালগঞ্জে পুলিশের গাড়ি পোড়ানো মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার বাদী উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
রোববার (১৫ নভেম্বর) এ ঘটনা ঘটে বলে জানা গেছে। তবে হামলার স্থান, সময় ও হামলাকারীদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে, গত কয়েক দিন ধরে গোপালগঞ্জে সড়ক অবরোধ করে মিছিল করছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। রোববার লগি-বৈঠা, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে দেখা যায়। মিছিল থেকে পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। এ ছাড়া জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুরের ঘটনা ঘটে।
জেলার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে রোববার পৃথক প্রজ্ঞাপনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার পদে রদবদলের সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক জি এম সরফরাজ।
অন্যদিকে, গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলে ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এতে মোট ১৫০ জন সদস্য রয়েছেন। যশোর এরিয়ার বিজিবি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান গণমাধ্যমকে বলেন, জেলার পরিস্থিতি সামাল দিতে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সরকারি সম্পত্তি ও জানমাল রক্ষায় কাজ করবেন।
এর আগে, গত শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে টুঙ্গিপাড়া থানার এসআই মোসলেম আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আয়ুব আলী জানান, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় ২ হাজার ২২৪ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ২ হাজার জনকে আসামি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে সহিংসতার ঘটনা ঘটে। ওই দিন সকাল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা লগি-বৈঠা, ঢাল-সড়কিসহ দেশীয় অস্ত্র নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন। এ সময় বিক্ষোভ, ভাঙচুর ও সহিংসতার ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশের একটি পিকআপ ভ্যানে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ছাড়া গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।



























