সোমবার ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ০০:৩৫, ১৬ নভেম্বর ২০২৬

এনসিপি নেত্রী মাহমুদা মিতুকে হত্যার হুমকি

এনসিপি নেত্রী মাহমুদা মিতুকে হত্যার হুমকি
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা আলম মিতুকে দেশ ছেড়ে চলে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে। অন্যথায় তাঁকে টুকরা টুকরা করে ফেলার হুমকি দেওয়া হয়। 

রোববার (১৫ নভেম্বর) বিকেলে অজ্ঞাত একটি নম্বর থেকে ফোন করে এ হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

মাহমুদা আলম জানান, রোববার বিকেল ৫টা ২৯ মিনিটে জাতীয় সংসদে অবস্থানকালে তাঁর মুঠোফোনে অজ্ঞাত নম্বর থেকে কল আসে। ফোনে অপর প্রান্ত থেকে বলা হয়, পরিবারের মায়া থাকলে যেন তিনি দেশ ছেড়ে চলে যান। অন্যথায় তাঁকে টুকরা টুকরা করে ফেলা হবে।

এর আগে গত সাত দিন ধরেও সরাসরি ফোন ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাওয়ার অভিযোগ করেছিলেন এই সংসদ সদস্য। গত শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিষয়টি প্রকাশ করেন তিনি। এর আগেও একই ধরনের হুমকি পেয়েছেন বলে জানান মাহমুদা।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, গত সাত দিন ধরে সরাসরি ফোন ও হোয়াটসঅ্যাপে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্টদের জানালেও এনসিপির আরেক নেত্রী নুসরাত তাবাসসুমের ঘটনার মতোই তা গুরুত্বহীন করে দেখার চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, এনসিপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার পরদিন মাহমুদা আলম হত্যার হুমকি পাওয়ার অভিযোগ সামনে আনেন।

পেশায় চিকিৎসক মাহমুদা আলম জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়