সোমবার ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৩৪, ১৫ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১০৪৫ জন

চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১০৪৫ জন
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ১ হাজার ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪৯৮ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৯৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) থেকে রোববার (১৫ নভেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এ অভিযান পরিচালনা করা হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৯৭ জন, পূর্ববর্তী মামলায় ১৩০ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৫৬ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তিনজন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ২৮ জন রয়েছেন। এ ছাড়া গ্রেপ্তার হয়েছেন পরোয়ানামূলে ১৩২ জন এবং সাজা পরোয়ানামূলে ২৮ জন।

মাদক মামলায় ৭৩ জন মাদকসেবী এবং নিয়মিত ও অন্যান্য মামলায় ৫৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৩ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ১১ হাজার ৮১০ টাকা জরিমানা আদায় করা হয়। মাদকদ্রব্য-সংক্রান্ত ৪৩টি মামলাও করা হয়েছে।

অভিযানে ১ হাজার ৫৯৬ পিস ইয়াবা, ২৯ লিটার চোলাই মদ, ৭ কেজি ৭৭০ গ্রাম গাঁজা, ৫০ বোতল বিদেশি মদ, পাঁচটি ট্যাপেন্টাডল, ২৫ বোতল স্কাফ সিরাপ, ১২ বোতল বিয়ার এবং এক কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের গ্রেপ্তার ৯৬ সদস্যের মধ্যে চট্টগ্রামে ১৯, কক্সবাজারে দুই, কুমিল্লায় ৪৫, ব্রাহ্মণবাড়িয়ায় তিন, চাঁদপুরে চার, নোয়াখালীতে ছয়, ফেনীতে দুই, লক্ষ্মীপুরে চার, খাগড়াছড়িতে নয় এবং বান্দরবানে দুজন রয়েছেন।

অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৯৮ জনের মধ্যে ৩২৩ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৭৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলাভিত্তিক হিসাবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে চট্টগ্রামে ৬৭, কক্সবাজারে ১৪, কুমিল্লায় ২১৮, ব্রাহ্মণবাড়িয়ায় ২৬, চাঁদপুরে ২৫, নোয়াখালীতে ২০, ফেনীতে ৩৭, লক্ষ্মীপুরে ৪৩, রাঙামাটিতে ১৩, খাগড়াছড়িতে ২২ এবং বান্দরবানে ১৩ জনকে আটক করা হয়েছে।

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে জনস্বার্থে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়