সোমবার ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ০০:০৪, ১৬ নভেম্বর ২০২৬

পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর-আগুন

পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর-আগুন
ছবি: সংগৃহীত

পিরোজপুরের নাজিরপুরে বিএনপির দুটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় বিএনপির এক নেতার বসতবাড়িতেও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার মালিখালী ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

‎জানা যায়, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার ডুমুরিয়া এলাকা থেকে আওয়ামী লীগের ২৫০ থেকে ৩০০ নেতাকর্মী মিছিল নিয়ে নাজিরপুরের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড়ে আসেন। এ সময় তারা মালিখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সুমন তালুকদারের বাড়ির সামনে গিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে বাড়ির জানালার থাই গ্লাস ভেঙে যায়। পরে তারা মোবাইল টাওয়ার মোড়সংলগ্ন বিএনপির একটি পার্টি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বলে জানা যায়। ‎ ‎এ ছাড়া একই সময় মালিখালী ইউনিয়ন বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেনের কার্যালয়েও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করে সেগুলো বাইরে এনে আগুন দেওয়া হয়। এ সময় কার্যালয়ের টিনও কুপিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়।

এ বিষয়ে পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত বলেন, নাজিরপুরে পৃথক দুটি জায়গায় বিএনপি অফিসে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। ‎ ‎এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জনপ্রিয়