পঞ্চগড়ের বোদায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
পঞ্চগড়ের বোদা পৌরসভায় ফ্যামিলি কার্ডের জন্য উপকারভোগীদের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় পৌরসভার ৩ নং ওয়ার্ডের কালীবাড়ী মন্দির চত্তরে এ কার্যক্রমের সূচনা হয়।
পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদের নির্দেশনায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ অনু সহ এলাকাবাসী ও স্থানীয় বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে দিলরেজা ফেরদৌস চিন্ময় বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহার ও ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ঘরে ঘরে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া সেই কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ। সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের নির্দেশনায় বোদার ১ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রমের সূচনা হওয়ায় উপজেলা বিএনপির পক্ষ থেকে তাঁকে কৃতজ্ঞতা জানান তিনি।
অনুষ্ঠানে সুপারভাইজার মো. মাফুফ হোসেনের নেতৃত্বে নয়জন সদস্যের একটি তথ্য সংগ্রহকারী দল উপকারভোগীদের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করে।
সভাপতির বক্তব্যে মো. জাহাঙ্গীর আলম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড থেকে এ কার্যক্রম শুরু করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। একই সঙ্গে তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তিনি। প্রকৃত তথ্য সংগ্রহের মাধ্যমে এলাকার কোনো দুস্থ ও অসহায় মানুষ যেন এ কার্যক্রমের আওতা থেকে বাদ না পড়েন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানান।



























