পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টিতে অর্থায়নের অভিযোগ, গণপূর্তের রাজিবুলের নাম
সাভার-আশুলিয়ার পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ সৃষ্টি করে শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে অর্থায়নের অভিযোগ উঠেছে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রাজিবুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, নওগাঁ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমারের মাধ্যমে শ্রমিক লীগসংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তির কাছে অর্থ পৌঁছে দিয়েছেন তিনি। রাজনৈতিক পটপরিবর্তনের পরও আওয়ামী লীগ ও যুবলীগের আত্মগোপনে থাকা নেতাদের সঙ্গে যোগাযোগ এবং দলীয় কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, সাভার-আশুলিয়ার পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির একটি প্রক্রিয়ায় অর্থের জোগান দিয়েছেন রাজিবুল। এ ক্ষেত্রে বিমান কুমার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছেন বলে অভিযোগ রয়েছে।
রাজিবুল ইসলামের গ্রামের বাড়ি নওগাঁ। আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা দাবি করেছেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে এই রাজনৈতিক পরিচয় ব্যবহার করে গণপূর্ত অধিদপ্তরে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বিভিন্ন পর্যায়ে নিজেকে আব্দুল জলিলের ভাতিজা পরিচয় দিয়ে প্রভাব খাটানোর অভিযোগও উঠেছে।
২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আব্দুল জলিলের ছেলে ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনের নির্বাচনী কর্মকাণ্ডে রাজিবুল অন্যতম অর্থদাতা ছিলেন বলে অভিযোগ রয়েছে। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পরও ব্যারিস্টার জনের সঙ্গে তাঁর যোগাযোগ অব্যাহত ছিল বলে দাবি সংশ্লিষ্টদের। আওয়ামী লীগ ও যুবলীগের আত্মগোপনে থাকা নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং দলীয় কর্মকাণ্ডে গোপনে অর্থায়নের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
অভিযোগকারীদের ভাষ্য, রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর রাজিবুল পুরোনো রাজনৈতিক যোগাযোগ বজায় রাখার পাশাপাশি নতুন রাজনৈতিক বলয়ের সঙ্গেও সম্পর্ক তৈরির চেষ্টা করছেন। এ সময় নিজেকে বিএনপি পরিবারের সন্তান হিসেবে পরিচয় দেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।
রাজনৈতিক কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগের পাশাপাশি রাজিবুলের বিরুদ্ধে সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ ও ঠিকাদারদের কাছ থেকে কমিশন আদায়ের অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টদের দাবি, মহাখালী গণপূর্ত বিভাগ এবং শেরেবাংলা নগর গণপূর্ত বিভাগ-৩-এ দায়িত্ব পালনকালে ঠিকাদারদের সঙ্গে যোগসাজশে ভুয়া বিলের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভবন নির্মাণ প্রকল্পের ডিপিপি থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।
নগর গণপূর্ত বিভাগে অতিরিক্ত দায়িত্ব পালনের সময় ঠিকাদারদের কাছ থেকে ২০ শতাংশ হারে কমিশন আদায়ের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এসব অভিযোগের পর একপর্যায়ে তাঁর বিল পরিশোধের ক্ষমতা সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল বলে দাবি সংশ্লিষ্ট সূত্রের।
সদ্য সমাপ্ত অর্থবছরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন ১৩৮টি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের একটি বড় অংশ যথাযথভাবে সম্পন্ন না করেই পুরো বিল পরিশোধের অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, এসব কাজে অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে।
গণপূর্ত অধিদপ্তরের অভ্যন্তরে প্রভাবশালী একটি সিন্ডিকেটের সঙ্গে রাজিবুলের সম্পৃক্ততার অভিযোগও রয়েছে। সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রদীপ কুমার বসুর প্রভাব ব্যবহার করে ঢাকার বিভিন্ন নির্বাহী প্রকৌশলীর কাছ থেকে ২৫ লাখ টাকা করে অর্থ আদায়ের সঙ্গে তাঁর সম্পৃক্ততার দাবি করেছেন অভিযোগকারীরা।
এ ছাড়া সাবেক প্রধান প্রকৌশলী শামীম আখতারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করা এবং তাঁর ঘুষের অর্থ সংগ্রহের দায়িত্ব পালনের অভিযোগ রয়েছে রাজিবুলের বিরুদ্ধে। ঘুষের অর্থসহ গ্রেপ্তার হওয়া প্রকৌশলী নূসরত হোসেনের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে দাবি সংশ্লিষ্টদের।
বর্তমানে ঢাকা গণপূর্ত বিভাগ-১-এর দায়িত্ব পালনকালে পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দিতে দরপত্রে অস্বাভাবিক ও কঠিন শর্ত আরোপের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগকারীদের দাবি, এসব শর্তের মাধ্যমে নির্দিষ্ট ঠিকাদারদের সুবিধা দেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।
সব মিলিয়ে রাজিবুল ইসলামের বিরুদ্ধে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টিতে অর্থায়ন, রাজনৈতিক কর্মকাণ্ডে অর্থের জোগান, সরকারি প্রকল্পে অনিয়ম, ভুয়া বিল তৈরি এবং ঠিকাদারদের কাছ থেকে কমিশন আদায়ের মতো একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগগুলোর মধ্যে আর্থিক লেনদেন ও সরকারি প্রকল্পের অর্থ ব্যবহারের বিষয়গুলো বিশেষভাবে তদন্তের দাবি অভিযোগ কারীদের।
এসব অভিযোগের বিষয়ে নির্বাহী প্রকৌশলী রাজিবুল ইসলামের বক্তব্য জানা যায়নি। অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক), গণপূর্ত অধিদপ্তর এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।



























