মঙ্গলবার ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৭, ৩ ফেব্রুয়ারি ২০২৬

৯ম পে-স্কেল গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে ইবিতে মানববন্ধন

৯ম পে-স্কেল গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে ইবিতে মানববন্ধন
ছবি: সংগৃহীত

জাতীয় ৯ম পে-স্কেলের দ্রুত গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে এ মানববন্ধন করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারকুজ্জামান খাঁন, সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অলিউর রহমান ও এস্টেট প্রধান মোঃ আলাউদ্দিনসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

মানববন্ধনে অলিউর রহমান পিকুল বলেন, সারা বাংলাদেশে ঘোষিত পে-স্কেল স্থগিত রাখার জন্য সরকার নানা কর্মকাণ্ড ও তাল বাহানা করছে। ২০১৫ সাল থেকে ৫ বছর পরপর পে-স্কেল ঘোষণা করার কথা ছিল কিন্তু তা এখনো বাস্তবায়ন করে নি। তারা সরকারি কর্মকর্তাদের বঞ্চিত করেছে। গণপ্রজাতন্ত্রের যারা সততার সাথে কাজ করে তাদের জীবনযাপন করতে কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু যারা দুর্নীতিবাজ তাদের বেতনের প্রয়োজন হচ্ছে না। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে যদি বাংলাদেশে ২৫ লক্ষ চাকরিজীবীরা নির্বাচন বয়কট করে তাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আগামী শুক্রবার এর মধ্যে যে পে-স্কেল কমিশন গঠন করেছেন তাহ বাস্তবায়ন করুন।

জিয়া পরিষদের সভাপতি ফারুকুজ্জামান খাঁন বলেন, দ্রবমূল্য বৃদ্ধি আমাদের যে কষ্ট দিয়েছে তা প্রকাশ করার মত না। ২০১৫ সালে সরকার বলেছিল যে হারে দ্রব্যমূল্য বাড়বে আমরা সময়ের সাথে সাথে বেতন বাড়িয়ে দিব, কিন্তু সরকার সে কথা রাখে নি। আমরা আশা করেছিলাম কিছু মহার্ঘ ভাতা বা ইনক্রিমেন্ট পাবো কিন্তু দুইবার যা দেওয়া হয়েছে তা ঠাট্টা বা ইয়ার্কি ছাড়া কিছু না। সরাকারের যারা কাজ করে তাদের যদি রাস্তায় নামতে হয় তাহলে এটা খুবই দুঃখজনক। আমরা বর্তমান সরকারকে আহবান করতে চাই যে, আপনারা পে স্কেলের অন্তত শুরুটা করে যান। নির্বাচনের পরে কোন দলীয় সরকার আসলে কি হয় সেটা বলা যায় না।