পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এলেন ডাকসু নেতা সর্বমিত্র চাকমা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন সর্বমিত্র চাকমা। তবে শিক্ষার্থীদের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।
শনিবার গণমাধ্যমকে নিজের নতুন সিদ্ধান্তের কথা জানান সর্বমিত্র চাকমা।
তিনি বলেন, শিক্ষার্থীরা চান না তিনি পদত্যাগ করুন এবং তারা এটিকে গণবিরোধী সিদ্ধান্ত হিসেবে দেখছেন। তাঁর মতে, এভাবে পদত্যাগ করলে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করা হবে। তাই পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই—মেয়াদকাল শেষ হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
তিনি আরও জানান, বিরোধীপক্ষের বক্তব্যে প্রভাবিত না হয়ে দায়িত্ব পালন অব্যাহত রাখার জন্য তাঁকে আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, গত মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে খেলতে আসা কয়েকজন কিশোরকে কান ধরে ওঠবস করানোর একটি ভিডিও প্রকাশের পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে গত সোমবার ফেসবুকে পদত্যাগের ঘোষণা দেন সর্বমিত্র চাকমা। তবে আনুষ্ঠানিকভাবে তিনি কোনো পদত্যাগপত্র জমা দেননি।



























