হাসনাত আবদুল্লাহর নির্বাচনি প্রচার ব্যানারে আগুন
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নির্বাচনি প্রচার ব্যানারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
সোমবার (২ জানুয়ারি) রাতের আঁধারে উপজেলার খাইয়ার এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।
এদিকে ব্যানার পোড়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের দক্ষিণ খাইয়ার-বুড়িপাড়া সড়কের গাঙপাড় ব্রিজসংলগ্ন সড়কের ওপর টানানো হাসনাত আবদুল্লাহর শাপলা প্রতীকের কয়েকটি নির্বাচনি ব্যানারে দুর্বৃত্তরা আগুন দেয়। একই সময়ে আরও কয়েকটি স্থানে তার ব্যানারে আগুন দেওয়া হয়।
দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী শামীম কাউসার বলেন, রাতের আঁধারে দুর্বৃত্তরা আমাদের নির্বাচনি কয়েকটি ব্যানার পুড়িয়ে দিয়েছে। এতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে আমরা উদ্বিগ্ন। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
দেবিদ্বার থানার ওসি মনিরুজ্জামান বলেন, খাইয়ার এলাকায় হাসনাত আবদুল্লাহর নির্বাচনি ব্যানারে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



























