বুধবার ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৮, ৪ ফেব্রুয়ারি ২০২৬

১৪ বছরেও ফেরেনি ইবির গুম হওয়া দুই শিক্ষার্থী, সন্ধান দাবিতে মানববন্ধন

১৪ বছরেও ফেরেনি ইবির গুম হওয়া দুই শিক্ষার্থী, সন্ধান দাবিতে মানববন্ধন
ছবি: সংগৃহীত

২০১২ সালের ৪ ফেব্রুয়ারি ঢাকা থেকে গুম হয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থী মোঃ ওয়ালিউল্লাহ ও আল মোকাদ্দাস। এ ঘটনার দীর্ঘ ১৪ বছর পেরিয়ে গেলেও এখনো তাদের সন্ধান পায়নি পরিবার। তাদের সন্ধানের দাবিতে বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এতে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

জানা যায়, ২০১২ সালের ২ ফেব্রুয়ারি ঢাকায় যান আল ফিকহ এন্ড  ল’ বিভাগের শিক্ষার্থী ও শাখা শিবিরের সাংস্কৃতিক সম্পাদক আল মুকাদ্দাস। ৪ ফেব্রুয়ারি রাতে তিনি ও তাঁর বন্ধু দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মোঃ ওয়ালীউল্লাহ রাজধানীর কল্যাণপুর থেকে হানিফ পরিবহনের (নম্বর-৩৭৫০) একটি বাসে ওঠেন। বাসটি দিবাগত রাত ১২টার দিকে সাভারের নবীনগর এলাকায় পৌঁছলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ৮/১০ জন লোক বাস থেকে মুকাদ্দাস ও ওয়ালিউল্লাহকে নামিয়ে নিয়ে যান। এরপর তাদের আর কোন খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনার পর ৬ ফেব্রুয়ারি মুকাদ্দাসের নিখোঁজের ঘটনায় তাঁর চাচা আবদুল হাই রাজধানীর দারুস সালাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওয়ালিউল্লাহর নিখোঁজের ঘটনায় ৮ ফেব্রুয়ারি তাঁর বড় ভাই খালেদ সাইফুল্লাহ আশুলিয়া থানায় একটি জিডি করেন। এরপর নিখোঁজ দুই ছাত্রের পরিবার পুলিশ ও র‍্যাবসহ প্রশাসনের কর্মকর্তাদের কাছে ধরনা দিয়েও সন্ধান না পেয়ে হাইকোর্টে দুটি রিট পিটিশন করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাদের গাড়ি থেকে তুলে নেওয়ার পর ভাইদের কোনো খোজ জানি না। ইন্টেরিম সরকারও তাদের কোনো খোঁজ দিতে পারেনি। সরকারকে বলতে চাই- আপনারা অনেকদিন আমাদের অপেক্ষা করিয়েছেন। এখন আমাদের ভাইদের ফিরিয়ে দেন, অথবা তাদের সন্ধান দিন, অন্যথায় গুমের সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় নিন। আওয়ামী শাসনামলে যারা শহীদ হয়েছেন তাদের অন্তত লাশটি পাওয়া গেছে। কিন্তু ওয়ালিউল্লাহ ও মুকাদ্দাসের লাশেরও খোঁজ পাওয়া যায়নি। তার জীবিত আছেন নাকি মেরে ফেলা হয়েছে আমরা এখনো তা জানি না। তাদের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনও কোনো পদক্ষেপ নেয়নি। আমরা দ্রুত তাদের সন্ধান চাই অথবা গুমকারীদের বিচার দেখতে চাই।’

শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি বলেন, ‘২০১২ সালে গুম হওয়ার পর থেকে ভাইয়েরা আজও ফিরে আসেনি। ৫ই আগস্টের পরে ভেবেছিলাম তারা ফিরে আসবে। কিন্তু সেই অপেক্ষার প্রহর দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। তবুও আমাদের ভাইয়েরা ফিরে আসতেছে না। প্রশাসনকে বলতে চাই আমাদের ভাইদের সন্ধান দিন। তারা কোন অবস্থায় আছে তা আমাদেরকে জানান। যারা এই গুমের সাথে সংশ্লিষ্ট ছিল তাদের যথাযথ বিচারের মুখোমুখি করে জনগণকে জানিয়ে দিন যাতে আর কোনো গুমের ঘটনা না ঘটে।’

উল্লেখ, ২০১২ সালের ৪ ফেব্রুয়ারি মধ্য রাতে ঢাকা থেকে কুষ্টিয়াগামী হানিফ এন্টারপ্রাইজের ৩৭৫০ নম্বর গাড়িতে ক্যাম্পাসে যাওয়ার পথে আশুলিয়ার নবীনগর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে ওয়ালিউল্লাহ ও মোকাদ্দাসকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে পুলিশ তাদের গ্রেফতারের কথা অস্বীকার করে। এরপর থেকে এখনও পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

সর্বশেষ