জামায়াত নেতার নির্দেশে ভোটের সিল তৈরি, থানায় মামলা, দল থেকে বহিষ্কার
লক্ষ্মীপুরে অবৈধভাবে তৈরি করা ছয়টি ভোটের সিলসহ এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ওই ব্যবসায়ী ও জামায়াতের এক নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জানা গেছে—জামায়াত নেতার নির্দেশেই সিলগুলো তৈরি করা হচ্ছিল।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে সদর থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বাদী হয়ে মামলা দায়ের করেন।
পরে বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।
গ্রেপ্তাররা হলেন—সদর উপজেলার টুমচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টুমচর গ্রামের বাসিন্দা সোহেল। তিনি জেলা শহরের পুরাতন আদালত সড়কে অবস্থিত ‘মারইয়াম প্রিন্টার্স’-এর মালিক। অপর আসামি সৌরভ হোসেন শরীফ, যিনি লক্ষ্মীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি এবং দক্ষিণ বাঞ্চানগর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে সোহেলের দোকানে অভিযান চালিয়ে ১৬ ঘরবিশিষ্ট ছয়টি ভোটের সিল, একটি কম্পিউটার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে সোহেলের দেওয়া তথ্য, কথোপকথন ও ভয়েস মেসেজের প্রমাণের ভিত্তিতে জামায়াত নেতা সৌরভ হোসেন শরীফকে মামলার আসামি করা হয়। পুলিশের দাবি, তার নির্দেশেই এসব সিল তৈরি করা হয়েছিল।
এদিকে জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া বলেন, ঘটনার পরপরই সৌরভ হোসেন শরীফকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে শিগগিরই প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হবে।



























