শুক্রবার ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:২৩, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

বেরোবির রেজিস্ট্রারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

বেরোবির রেজিস্ট্রারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
ছবি: সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশিদের নিয়োগ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভা। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ১২০তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য সচিব ও রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ নিজেই এবং একাধিক সিন্ডিকেট সদস্য।   

সিন্ডিকেট সভার সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা সদন ও তার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ কওে আসছিলেন শিক্ষক কর্মকর্তা-কর্মচারীরা। তার বিরুদ্ধে এসব অভিযোগ থাকার পরও তিনি তার কর্মস্থলে ছিলেন। অবশেষে তাকে অব্যাহতি দেওয়া হলো।  

রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ বলেন, শনিবার বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তাকে ফোন করে অফিসে না আসতে এবং ছুটিতে থাকতে বলেন। তবে তিনি তাতে সম্মত হননি। রোববার সকালে অফিসে গেলে তাকে ফোন করে অফিস ছাড়তে বলা হয়। পরে দুপুরে ডেপুটি রেজিস্ট্রার মো. তারিকুল ইসলাম তার দপ্তরে এসে কর্মকর্তা-কর্মচারীদের অফিস থেকে সরে যেতে নির্দেশ দেন বলে তিনি অভিযোগ করেন। 

একই দিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের গাড়িতে উঠতে গেলে তাকে জানানো হয়, তার জন্য পরিবহন সুবিধা বন্ধ করা হয়েছে। পরে তিনি রিকশাযোগে বাসায় ফেরেন। এছাড়া একটি দল তার দপ্তরে এসে কোনো ফাইল যেন তার কাছে না যায় সে বিষয়ে স্পষ্ট জানিয়ে দেন। 

এ প্রসঙ্গে জানতে চাইলে বেরোবি, সিন্ডিকেট সদস্য ও ছাত্র পরামর্শ নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. ইলিয়াস প্রামানিক জানান, চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে উল্লেখ ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন গুরুত্বপূর্ণ প্রয়োজনে চুক্তি বাতিল করতে পারবে। তাই তার নিয়োগ বাতিল করা হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলীর সঙ্গে যোগাযোগের একাধিক চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।