শুক্রবার ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

ইশতিয়াক কামাল, খুকৃবি

প্রকাশিত: ১৩:৩৮, ৯ জুলাই ২০২৬

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বৈষম্যের বিরুদ্ধে ভেটেরিনারি শিক্ষার্থীদের মানববন্ধন

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বৈষম্যের বিরুদ্ধে ভেটেরিনারি শিক্ষার্থীদের মানববন্ধন
ছবি: সংগৃহীত

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) ‘ফ্যাকাল্টি অব ভেটেরিনারি, অ্যানিমেল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস’-এর সাধারণ শিক্ষার্থীরা তাদের ওপর চাপিয়ে দেওয়া বিভিন্ন বৈষম্য নিরসন ও ন্যায্য অধিকার আদায়ের দাবিতে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রাঙ্গণে আয়োজিত এই মানববন্ধনে উক্ত অনুষদের বিপুল সংখ্যক শিক্ষার্থী ব্যানার ও প্ল্যাকার্ড হাতে অংশ নেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা "বৈষম্য নয়, প্রাপ্য অধিকার চাই—শিক্ষার্থীদের ন্যায্য মূল্যায়ন নিশ্চিত হোক" স্লোগানকে সামনে রেখে মূলত ৩ দফা দাবি তুলে ধরেন। তাদের মূল দাবিগুলো নিচে তুলে ধরা হলো:

১. বিসিএস পরীক্ষায় স্বতন্ত্র কোড চালুকরণ: কম্বাইন্ড ডিগ্রির জন্য বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় কোড (৬৪৭) বরাদ্দ থাকলেও লিখিত পরীক্ষায় কোনো স্বতন্ত্র কোড নেই। শিক্ষার্থীদের দাবি, অবিলম্বে বিসিএস লিখিত পরীক্ষায় তাদের জন্য স্বতন্ত্র কোড চালু করতে হবে।

২. নিয়োগবিধিতে কম্বাইন্ড ডিগ্রির অন্তর্ভুক্তি: বিএলআরআই (BLRI), মিল্ক ভিটা (MILK VITA) সহ প্রাণিসম্পদ খাতের যেসব পদে কম্বাইন্ড ডিগ্রিধারীরা আবেদনের যোগ্য, সেসব পদের সকল সরকারি নিয়োগবিধিতে অবিলম্বে কম্বাইন্ড ডিগ্রিকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করতে হবে।

৩. ইন্টার্ন ভাতার সামঞ্জস্যতা ও অন্যান্য সুবিধা: ইন্টার্ন ভেটেরিনারি চিকিৎসকদের মাসিক ভাতা ইন্টার্ন এমবিবিএস (MBBS) চিকিৎসকদের ভাতার সাথে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। একই সাথে ইন্টার্ন চলাকালীন যাতায়াত ও দৈনিক ভাতা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, পশুপদ ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে দিনরাত পরিশ্রম করেও তারা কর্মক্ষেত্রে এবং রাষ্ট্রীয় পরীক্ষায় চরম বৈষম্যের শিকার হচ্ছেন। ডিগ্রির মর্যাদা রক্ষা এবং সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে এই বৈষম্যগুলো দ্রুত দূর করতে তারা সংশ্লিষ্ট প্রশাসন ও সরকারের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা তাদের শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

জনপ্রিয়