শুক্রবার ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

শেকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫২, ৯ জুলাই ২০২৬

’SAVE ASVM’ বার্তায় উত্তাল শেকৃবি, চার দাবিতে আন্দোলন অব্যাহত

’SAVE ASVM’ বার্তায় উত্তাল শেকৃবি, চার দাবিতে আন্দোলন অব্যাহত
ছ‌বি: প্রতি‌নি‌ধি

কম্বাইন্ড ডিগ্রিধারী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ১৮ জন প্রার্থী ৪৭তম বিসিএসের প্রফেশনাল ক্যাডারে সুপারিশ না পাওয়ার কারণ ব্যাখ্যা, সমস্যার সমাধান নিশ্চিতকরণসহ চার দফা দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের শিক্ষার্থীরা। আন্দোলনের পঞ্চম দিনে ‘SAVE ASVM’ হিউম্যান ফরমেশনের মাধ্যমে দাবি আদায়ের প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি দেশব্যাপী আন্দোলন ছড়িয়ে দেওয়ারও ইঙ্গিত দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের এম. মাহবুবউজ্জামান একাডেমিক ভবনের সামনে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে তারা ব্যতিক্রমী হিউম্যান ফরমেশনের মাধ্যমে ‘SAVE ASVM’ বার্তা তুলে ধরেন। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

কর্মসূচিতে উপস্থিত হয়ে এএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “আমি তোমাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। আমরা বিষয়টি নিয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আগামীকাল ডিন কাউন্সিলের সভায় বিষয়গুলো উত্থাপন করা হবে।” তিনি সমস্যার সমাধানে চলমান বিভিন্ন উদ্যোগের অগ্রগতিও শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। পরে আন্দোলন স্থগিত করে ক্লাসে ফেরার আহ্বান জানালেও শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে সেই আহ্বান প্রত্যাখ্যান করেন।

এর আগে বুধবার (৮ জুলাই) এএসভিএম অনুষদের সেমিনার কক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন, অনুষদের ডিন, শিক্ষক এবং শিক্ষার্থী প্রতিনিধিদের অংশগ্রহণে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন, অ্যালামনাই, শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধিদের সমন্বয়ে দুটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়, যারা বিষয়টি সমাধানে সরাসরি কাজ করবে। তবে বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে ক্লাস ও পরীক্ষায় ফেরার আহ্বান জানানো হলেও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, “আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা কোনোভাবেই ক্লাস-পরীক্ষায় ফিরব না।” তারা আরও জানান, আন্দোলনটি দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের দাবি, দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতোমধ্যে এ আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছে এবং খুব শিগগিরই নিজ নিজ ক্যাম্পাসে কর্মসূচি ঘোষণা করবে। এছাড়া বৃহস্পতিবার বিকেলেই কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এ দাবির সমর্থনে কর্মসূচি পালনের কথা রয়েছে বলেও জানান তারা।

শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে— কম্বাইন্ড ডিগ্রিধারীদের জন্য বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় স্বতন্ত্র কোড চালু, প্রাণিসম্পদ খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগবিধিতে কম্বাইন্ড ডিগ্রি অন্তর্ভুক্ত করে নিয়োগসংক্রান্ত জটিলতার সমাধান, ইন্টার্ন ভেটেরিনারি চিকিৎসকদের ভাতা এমবিবিএস ইন্টার্ন চিকিৎসকদের ভাতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা এবং টিএ-ডিএ চালু করা। এছাড়া ৪৭তম বিসিএসে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শেকৃবির কম্বাইন্ড ডিগ্রিধারী ১৮ জন প্রার্থীর কেউ প্রফেশনাল ক্যাডারে সুপারিশ না পাওয়ার কারণ ব্যাখ্যা এবং এ সমস্যার কার্যকর সমাধান নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তারা।

জনপ্রিয়

আরও পরুন: