যবিপ্রবির বরিশাল অ্যাসোসিয়েশনের নবীন বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বরিশাল বিভাগীয় অ্যাসোসিয়েশনের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের গ্যালারিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ মোখলেছুর রহমান এবং পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মোঃ মাসুম বিল্লাহ।
অনুষ্ঠানে বরিশাল অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, পরিবার ছেড়ে দূর-দূরান্ত থেকে আসা নবীন শিক্ষার্থীদের ক্যাম্পাসে আপন করে নেওয়া এবং তাদের যেকোনো প্রয়োজনে পাশে দাঁড়ানোই আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য। জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠান আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আজকের এই সার্থকতা সম্ভব হয়েছে আমাদের একঝাঁক উদ্যমী অনুজদের অক্লান্ত পরিশ্রম এবং শ্রদ্ধেয় সিনিয়র ও অ্যালামনাইদের অকৃত্রিম ভালোবাসার কারণে। ব্যস্ততার মাঝেও সিনিয়র ও অ্যালামনাইদের অমূল্য পরামর্শ, দিকনির্দেশনা এবং বিশেষ করে তাঁদের দেওয়া আর্থিক সহযোগিতা এই আয়োজনকে পূর্ণতা দিয়েছে।
তিনি আরও বলেন, ক্যাম্পাস জীবনে বরিশাল বিভাগীয় ছাত্রকল্যাণ সংঘ যেকোনো শিক্ষার্থীর জন্য একটি নিরাপদ ও পারিবারিক ঠিকানা। শুধু নবীন বরণই নয়, শিক্ষার্থীদের পড়াশোনা, কল্যাণ এবং যেকোনো সংকটময় মুহূর্তে এই সংগঠন সবসময় অভিভাবক হয়ে পাশে থাকবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি।



























