মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রাহায়ণ ১৪৩৩

শেকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০২, ১৬ নভেম্বর ২০২৬

ইন্টার্নশিপে ৯৮ শিক্ষার্থী, ভাতা চালুর ঘোষণা শেকৃবি উপাচার্যের

ইন্টার্নশিপে ৯৮ শিক্ষার্থী, ভাতা চালুর ঘোষণা শেকৃবি উপাচার্যের
ছবিঃ প্রতিনিধি

শ্রেণিকক্ষের পাঠ ও ব্যবহারিক শিক্ষার গণ্ডি পেরিয়ে এবার মাঠপর্যায়ে পেশাগত দক্ষতা অর্জনের পালা। প্রাণিচিকিৎসা ও প্রাণিস্বাস্থ্যসেবায় বাস্তব অভিজ্ঞতা অর্জনে ইন্টার্নশিপে যাচ্ছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের ১০ম ব্যাচের ৯৮ শিক্ষার্থী। এদিকে ইন্টার্ন শিক্ষার্থীদের জন্য যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ।

সোমবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) দ্বিতীয় তলায় অনুষদের ‘ইন্টার্নশিপ অরিয়েন্টেশন প্রোগ্রাম-২০২৫’ অনুষ্ঠিত হয়। এবারের ইন্টার্নশিপে অংশ নিতে যাওয়া ৯৮ শিক্ষার্থীর মধ্যে ৬৫ জন ছাত্র ও ৩৩ জন ছাত্রী।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ প্রস্তুতি ও পেশাগত দায়িত্বশীলতার পাশাপাশি অনুষদের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দুটি গুরুত্বপূর্ণ দাবি উঠে আসে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) এএসভিএম অনুষদের স্বতন্ত্র কোড-সংক্রান্ত জটিলতা নিরসন এবং ইন্টার্ন শিক্ষার্থীদের যাতায়াত ভাতা নিশ্চিত করা।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, পিএসসিতে এএসভিএম অনুষদের স্বতন্ত্র কোড নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে সংশ্লিষ্ট সচিব, মন্ত্রী ও মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেছেন তিনি। তাঁরা দ্রুত সমস্যাটি সমাধানের আশ্বাস দিয়েছেন।

ইন্টার্ন শিক্ষার্থীদের আর্থিক সুবিধার বিষয়ে উপাচার্য বলেন, গত সিন্ডিকেট সভায় ভেটেরিনারি ইন্টার্ন শিক্ষার্থীদের জন্য যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই লিমিটেডের উপ-নির্বাহী পরিচালক ড. মো. আমজাদ হোসাইন এবং রেনাটা পিএলসির মার্কেটিং ম্যানেজার ড. হিমেল চাকমা।

অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলেও ইন্টার্নশিপ করতে গিয়ে নিয়মানুবর্তিতা, ভদ্রতা ও দায়িত্বশীলতার মাধ্যমে শেকৃবির প্রতিনিধিত্ব করতে হবে।

ইন্টার্নশিপের মাধ্যমে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব কর্মক্ষেত্রে প্রাণিচিকিৎসা, রোগ নির্ণয় ও প্রাণিস্বাস্থ্যসেবায় হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।
 

সর্বশেষ

জনপ্রিয়