মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রাহায়ণ ১৪৩৩

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৬, ১৬ নভেম্বর ২০২৬

ফ্যাসিবাদী নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র‍্যালি ও সমাবেশ

ফ্যাসিবাদী নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র‍্যালি ও সমাবেশ
ছবিঃ প্রতিনিধি

দেশব্যাপী ফ্যাসিবাদী শক্তির অগ্নিসংযোগ, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে র‍্যালি ও সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। পরে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন তাঁরা।

এ সময় তাঁদের ‘২৪-এর হাতিয়ার, ২৪-এর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার, গর্জে ওঠো আরেকবার’, ‘শেখ হাসিনার ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘সন্ত্রাসীদের ঠিকানা, এই বাংলায় হবে না’ এবং ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

শিক্ষার্থী আব্দুস সামাদ বলেন, বিগত ১৭ বছরে ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাস, খুন ও রাহাজানির বিরুদ্ধে ২০২৪ সালের আন্দোলনের মাধ্যমে ছাত্র-জনতা প্রতিরোধ গড়ে তুলেছে। এসব গোষ্ঠী আবারও সন্ত্রাস ও অগ্নিসংযোগের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের অপতৎপরতা প্রতিহত করতে ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে একটি গোষ্ঠী শিক্ষার্থীদের গাড়ি ও বাসে চোরাগোপ্তা হামলা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি ছড়িয়ে ক্যাম্পাসের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। এসব কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ স্মরণ করে দণ্ডিতদের রায় কার্যকরের দাবি জানান।

বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোয়াজ্জেম হোসেন বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তন এলেও আওয়ামী লীগের পুনরুত্থানের আশঙ্কা দেখা যাচ্ছে। ছাত্র-জনতা ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের চেতনা থেকে একচুলও পিছিয়ে যায়নি। প্রায় দেড় হাজার শহীদের রক্ত ও ৩০ থেকে ৪০ হাজার আহত ব্যক্তির আত্মত্যাগের চেতনা ধারণ করে ফ্যাসিবাদী নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

সর্বশেষ

জনপ্রিয়