সোমবার ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৯, ১৬ নভেম্বর ২০২৬

রিজভীর বাসভবনে হামলার প্রস্তুতির ঘটনায় ঢাবি সাদা দলের নিন্দা

রিজভীর বাসভবনে হামলার প্রস্তুতির ঘটনায় ঢাবি সাদা দলের নিন্দা
ছবিঃ সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার প্রস্তুতির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের পাশাপাশি নেপথ্যের ইন্ধনদাতাদেরও আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (১৬ নভেম্বর) এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম ও অধ্যাপক ড. আবুল কালাম সরকার।

বিবৃতিতে বলা হয়, সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা রাজধানীতে একত্রিত হয়ে রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার প্রস্তুতি নিচ্ছিলেন। দেশের একজন শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতার বাসভবনে এ ধরনের হামলার পরিকল্পনা অত্যন্ত ন্যক্কারজনক ও উদ্বেগজনক।

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে পুনরায় অস্থিতিশীলতা ও ভীতির পরিবেশ তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে। কোনো সভ্য ও গণতান্ত্রিক সমাজে এ ধরনের হীন ষড়যন্ত্র মেনে নেওয়া যায় না।

ঢাবি সাদা দলের নেতারা আটক ব্যক্তিদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে কঠোর শাস্তির দাবি জানান। একই সঙ্গে ঘটনার নেপথ্যে থাকা ইন্ধনদাতাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

সর্বশেষ

জনপ্রিয়