বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৮, ১৮ নভেম্বর ২০২৬

হীরকজয়ন্তী অনুষ্ঠানে ছাত্রশিবির ও ছাত্রদলের মুখোমুখি অবস্থান

হীরকজয়ন্তী অনুষ্ঠানে ছাত্রশিবির ও ছাত্রদলের মুখোমুখি অবস্থান
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরকজয়ন্তী উদযাপনের অনুষ্ঠানে মুখোমুখি অবস্থানে দেখা গেছে শাখা ছাত্রশিবির ও ছাত্রদলের নেতা-কর্মীদের। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা তাদের আলাদা করেন।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে হীরকজয়ন্তীর অনুষ্ঠানস্থলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আনন্দমিছিল নিয়ে মাঠে প্রবেশ করেন ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। এ সময় সেখানে অবস্থানরত ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে তাদের মুখোমুখি অবস্থান তৈরি হয়।

চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, “বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তিতে আমাদের জ্যেষ্ঠ নেতারা অনুষ্ঠানে এসেছেন। তারা উৎসব উদযাপন করতে চান। কিন্তু তারা মিছিল নিয়ে এসে ধাক্কাধাক্কি ও আঘাত করেছে। আমরা আমাদের কর্মীদের নিয়ন্ত্রণ করেছি। আমরা চাই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান শেষ হোক।”

চবি ছাত্রশিবিরের সভাপতি মো. ইব্রাহীম হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উপলক্ষে আমাদের আনন্দ র‍্যালি ছিল। জিরো পয়েন্ট থেকে অনুষ্ঠানস্থলে আমাদের র‍্যালি নিয়ে আসার সময় ছাত্রদল সভাপতি বাধা প্রদান করেন। আমি ওনাকে বলি আমরা র‍্যালি এখানেই শেষ করব। তবুও তিনি ব্যানার কেড়ে নেন। এক পর্যায়ে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়। আমাদের কয়েকজন এতে আহত হয়েছেন।”

জনপ্রিয়