বরিশাল বিশ্ববিদ্যালয়ে পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে মারধরের অভিযোগ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে চার কর্মকর্তা ও এক কর্মচারীকে মারধর করে প্রক্টর কার্যালয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। পরে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ২টার পর পাঁচজনকে আটক করে প্রক্টরের কার্যালয়ে নেওয়া হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সহযোগী অধ্যাপক মেহেদি হাসান সোহাগ।
আটক ব্যক্তিরা হলেন বিশ্ববিদ্যালয়ের অর্থ দপ্তরের অতিরিক্ত পরিচালক সুব্রত কুমার বাহাদুর, উপপরিচালক আতিকুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আবু হাচান, অর্থ দপ্তরের সহকারী পরিচালক মোজাম্মেল হক এবং রেজিস্ট্রার দপ্তরের অফিস সহায়ক আরিফ হোসেন।
ভুক্তভোগী কর্মকর্তারা জানান, কর্মস্থল থেকে তাঁদের মারধর করে প্রক্টর কার্যালয়ে আটকে রাখা হয়। এ সময় কয়েকজনের চশমা ভেঙে যায় এবং কারও কারও শার্ট ছিঁড়ে যায়।
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত বলেন, শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ফ্যাসিস্টের যেসব দোসর রয়েছে, তারা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। গতকাল গোপালগঞ্জে তারা থানা জ্বালিয়ে দিয়েছে। বিশ্ববিদ্যালয়ে যারা ফ্যাসিস্টের দোসর রয়েছে, তারাও নানা ধরনের তৎপরতা চালাচ্ছে। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে এসব হতে দেবো না।
শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, তারেক রহমান তাঁদের একসঙ্গে কাজ করার সুযোগ দিয়েছেন। কিন্তু তাঁরা সেই সুযোগ গ্রহণ না করে সন্ত্রাসী কর্মকাণ্ড বেছে নিয়েছেন। ছাত্রদল কোনোভাবেই এসব মেনে নেবে না।
ঘটনার পর ছাত্রদলের নেতাকর্মীরা নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।
বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিৎ চন্দ্র নাথ বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চার কর্মকর্তাকে থানায় সোপর্দ করেছে। তাঁরা অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।



























