সব কিছু ঠিকঠাক মনে হচ্ছিল না : সুনেরাহ
চলচ্চিত্র ও নাটকে সাবলীল অভিনয়ের মাধ্যমে অল্প সময়েই দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। বড় পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বেশ সরব। সম্প্রতি নিজের ব্যক্তিগত অনুভূতি ও দীর্ঘদিনের সংগ্রামের গল্প তুলে ধরে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী, যা ইতিমধ্যে ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।
পোস্টে সুনেরাহ লিখেছেন, ‘আজ যখন আমি আয়নায় নিজের দিকে তাকালাম, নিজের চোখে এমন কিছু একটা দেখলাম যা আমার ভালো লাগেনি। এমন কিছু যা আমি নিজের মধ্যে দেখতে চাই না; তাকে বিষণ্ণতা, অসহায়ত্ব কিংবা শোক—যা-ই বলুন না কেন।’
নিজের ভেতরের সেই অনুভূতির কথা ব্যাখ্যা করে তিনি বলেন, ‘অনুভূতিটা ছিল খুব অদ্ভুত। কোনো সুনির্দিষ্ট কারণ ছিল না, কিন্তু তবুও সবকিছু ঠিকঠাক মনে হচ্ছিল না। আমি প্রতিদিন নিজের ওপর কাজ করেছি আরও ভালোভাবে বেঁচে থাকার জন্য, প্রাণশক্তিতে ভরপুর একটি আনন্দময় জীবন কাটানোর জন্য।’
অভিনেত্রী জানান, সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে মানসিকভাবে অনেক শক্তিশালী করে তুলেছেন। জীবনের কিছু সংগ্রামের কথা তিনি সাধারণত প্রকাশ্যে বলেন না। এ প্রসঙ্গে তার ভাষ্য,
‘সেই পথটা ছিল একান্তই আমার। আমি একাই সবটুকু পথ পাড়ি দিয়েছি। আর আমি এই পরিশ্রম বৃথা যেতে দেব না।’
নিজের প্রতি অঙ্গীকার ব্যক্ত করে পোস্টের শেষ অংশে তিনি লেখেন, ‘আমি ঠিক করেছি, আমি হাসব এবং খুশি থাকব। এই হাসিটাই আমার সঙ্গে মানায়। আমি সুখ এবং এক উন্নত জীবন পছন্দ করি। আমি কোনো কিছু বা অন্য কাউকে আমার থেকে এসব কেড়ে নিতে দেব না। এটা আমার নিজের কাছে নিজের প্রতিশ্রুতি।’



























