সহশিল্পীকে মারধরের অভিযোগ প্রসঙ্গে মুখ খুললেন তিশা
চলচ্চিত্র ও নাটকের শুটিং সেটে সাম্প্রতিক এক ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। তার সহশিল্পী সামিয়া অথৈ অভিযোগ করেছেন যে, তিশা তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মারধর করেছেন এবং অকথ্য ভাষায় গালাগাল করেছেন। তবে এই ঘটনার পরই নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিশা।
তিশা জানান, এটি কোনো ব্যক্তিগত আক্রমণ ছিল না। যা হয়েছে, তা পুরোপুরি চরিত্রের প্রয়োজনে এবং গল্পের চাহিদা অনুযায়ী। তিনি অভিযোগকে ‘ভুল বোঝাবুঝি’ এবং ‘অপেশাদার আচরণ’ হিসেবে আখ্যায়িত করেছেন।
তিনি বলেন, শুটিং চলাকালীন তার চরিত্রের প্রয়োজনে তাকে আক্রমণাত্মক হতে হয়েছে।
তিশা বলেন, “আমি পুরোপুরি আমার চরিত্রটি ফুটিয়ে তুলছিলাম। আমি এমন একটি চরিত্রে অভিনয় করছি যেখানে একজন স্পেশাল চাইল্ড বা অটিস্টিক। চরিত্রের জন্য তাকে মানুষকে মারতে হতে পারে, কামড় দিতে হতে পারে, এমনকি পানিতে চুবিয়ে ধরতেও হতে পারে। ১৫ থেকে ২০ দিনের মধ্যে দর্শকরা কাজটি দেখবেন এবং তখন বুঝতে পারবেন, কোন কর্মকাণ্ড চরিত্রের জন্য করা হয়েছে।”
অভিযোগ প্রসঙ্গে তিনি আরও বলেন, “সে লাইভে এমনভাবে দেখিয়েছে যেন আমি তাকে পারসোনালি আক্রমণ করেছি। এখানে কোনো ব্যক্তিগত আক্রমণ নেই, তার বোঝার ভুল হয়েছে। আমি যা করেছি, তা শুধুমাত্র চরিত্রের প্রয়োজনে করেছি। যতটুকু স্ক্রিপ্টে আছে, ততটুকুই করেছি। আমি চরিত্রের বাইরে কিছুই করিনি। এটা তার দুর্বলতা যে প্রফেশনাল সমস্যাটাকে ব্যক্তিগত সমস্যা হিসেবে নিয়েছে।’
শেষে তিশা বলেন, “আমাকে নিয়ে যা বলা হয়েছে তা পুরোপুরি একটি ব্যক্তিগত আক্রমণ ছাড়া আর কিছুই নয়।”



























