মঙ্গলবার ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৯, ১০ মার্চ ২০২৬

শয়তান খোঁজে সুখী সংসার : বাঁধন

শয়তান খোঁজে সুখী সংসার : বাঁধন
ছবি: সংগৃহীত

২০০৭ সালে ময়মনসিংহে ঘটে যাওয়া এক মর্মান্তিক ও রহস্যঘেরা ঘটনার কথা এখনও অনেকের মনে দাগ কেটে আছে। একই পরিবারের ৯ সদস্যের একযোগে ট্রেনের নিচে পড়ে আত্মহত্যার সেই ‘আদম পরিবার’ ট্র্যাজেডি নাড়িয়ে দিয়েছিল পুরো দেশকে। বহু বছর পর সেই আলোচিত ঘটনাকে ঘিরেই নির্মিত ওয়েব সিরিজ ‘চক্র’ আবারও ফিরছে নতুন রহস্য নিয়ে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক রহস্যময় পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

নিজের পোস্টে বাঁধন লিখেছেন, ‘শয়তান খোঁজে সুখী সংসার। শয়তান যখন আপনার সবচেয়ে কাছের মানুষের রূপ ধরে আসে, তখন পালানোর আর কোনো রাস্তা থাকে না। ময়মনসিংহের সেই অভিশপ্ত আদম পরিবারের পেছনের আসল সত্যটা কী ছিল?’

প্রথম সিজনের রুদ্ধশ্বাস সমাপ্তি থেকে গল্পটি আবার শুরু হওয়ার ইঙ্গিত দিয়ে তিনি আরও লেখেন, ‘প্রথম সিজনের শেষে যেখানে রহস্য শ্বাসরুদ্ধকর অবস্থায় পৌঁছেছিল, ঠিক সেখান থেকেই আবার শুরু হচ্ছে নতুন এক সাইকোলজিক্যাল গেম।’

শেষে তিনি প্রশ্ন ছুঁড়ে দেন দর্শকদের উদ্দেশে—‘শেয়ার্ড হ্যালুসিনেশন নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও ভয়ংকর কোনো সত্য? আপনারা প্রস্তুত তো? রহস্যের জট খুলতে চোখ রাখুন আইস্ক্রিনে। আসছে চক্র সিজন ২।’

উল্লেখ্য, নির্মাতা ভিকি জাহেদ পরিচালিত এই সিরিজটির প্রথম সিজন দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার আসন্ন ঈদুল ফিতরে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে ‘চক্র’ সিজন ২। ২০০৭ সালের সেই আলোচিত ঘটনার প্রেক্ষাপটে মনস্তাত্ত্বিক রহস্য ও ‘শেয়ার্ড হ্যালুসিনেশন’-এর ধারণা নিয়ে আবারও দর্শকদের সামনে হাজির হচ্ছেন আজমেরী হক বাঁধন ও নির্মাতা ভিকি জাহেদ।

সর্বশেষ