নড়াচড়াও করতে পারছি না : দীপিকা
টেলিভিশনের জনপ্রিয় মুখ হলেও বর্তমানে কঠিন সময় পার করছেন ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কড়।
দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করছেন তিনি। দ্বিতীয়বার যকৃতে টিউমার ধরা পড়ার পর অস্ত্রোপচার করে তা অপসারণ করা হলেও শারীরিক জটিলতা যেন কিছুতেই পিছু ছাড়ছে না।
এমনকি সাম্প্রতিক সময়ে তার শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়েছে যে নড়াচড়া করার শক্তিটুকুও হারিয়ে ফেলেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি নিজের ভ্লগে শারীরিক অবস্থার আপডেট দিয়ে দীপিকা জানান, অস্ত্রোপচারের পর থেকেই তার খাবারের প্রতি অনীহা তৈরি হয়েছে। সারাক্ষণ শরীরে এক ধরনের অস্বাভাবিক ক্লান্তি অনুভব করছেন তিনি।
এছাড়াও ঘন ঘন ‘মুড সুইং’-এর সমস্যায় ভুগছেন এই অভিনেত্রী। এমন চরম ক্লান্তির মাঝেও পবিত্র রমজান উপলক্ষে এবারই প্রথম রান্নাঘরে ঢুকেছিলেন তিনি।
নিজের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে দীপিকা বলেন, ‘এখন বুঝতে পারছি বিশ্রাম নেওয়াটা আমার জন্য কতটা জরুরি। খুব ক্লান্ত লাগে। এতটাই ক্লান্তি যে নড়াচড়া করতেও কষ্ট হয়। যেদিন মানসিক অবস্থা ভালো থাকে না, সেদিন কিছুই করতে পারি না। মন ভালো না থাকলে লড়াই করার শক্তিটাও হারিয়ে যায়।’
অসুস্থতার কারণে এখন কড়া ডায়েট মেনে চলতে হচ্ছে তাকে। তার স্বামী অভিনেতা শোয়েব ইব্রাহিম জানিয়েছেন, দীপিকার জীবন এখন পুরোপুরি নিয়মের মধ্যে বাঁধা। প্রতিদিন সকাল ৭টায় ঘুম থেকে উঠে হাঁটতে যান তিনি এবং সন্ধ্যা ৭টার পর কোনো কিছু খাওয়া তার জন্য নিষেধ। পাশাপাশি ঘরে বসে থাকতে থাকতে যেন অবসাদ ভর না করে, সেদিকেও বিশেষভাবে খেয়াল রাখা হচ্ছে।



























