এবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: হিমি
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি এবার আলোচনায় এসেছেন অভিনয় নয়, ফুটবলপ্রেমী এক ভিন্ন রূপে। ব্রাজিলের প্রতি নিজের অকৃত্রিম ভালোবাসা প্রকাশ করতে বিশেষ এক সাজে সামাজিক মাধ্যমে হাজির হয়ে ভক্তদের নজর কাড়েন তিনি। তার এই ব্যতিক্রমী উপস্থিতি ঘিরে যেমন প্রশংসা মিলেছে, তেমনি ছবিটি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।
ফুটবল বিশ্বকাপের আর মাত্র কয়েকদিন বাকি থাকায় সাধারণ মানুষের পাশাপাশি তারকাদের মাঝেও বইছে উন্মাদনার হাওয়া। এরই মধ্যে ল্যাটিন আমেরিকার জনপ্রিয় ফুটবল দল ব্রাজিলের প্রতি সমর্থন জানিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন হিমি।
ছবিতে দেখা যায়, প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে তিনি বেছে নিয়েছেন ব্যতিক্রমী এক আয়োজন। ব্রাজিলের পতাকার রঙের সঙ্গে মিল রেখে হলুদ, সবুজ ও নীল রঙের শাড়িতে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ধরা দিয়েছেন অভিনেত্রী। ছবির পেছনে শোভা পাচ্ছে ব্রাজিলের বড় একটি পতাকা। পাশাপাশি রাখা ফুটবল ও ভুভুজেলা যোগ করেছে বিশ্বকাপের উৎসবমুখর আমেজ।
তবে পোস্টটি প্রকাশের পর নেটিজেনদের একাংশের মধ্যে আলোচনা শুরু হয় ছবিটি নিয়ে। অনেকের ধারণা, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি হিমি।
পোস্টের ক্যাপশনে অবশ্য নিজের সমর্থনের বিষয়টি স্পষ্ট করেছেন অভিনেত্রী। আত্মবিশ্বাসী ভঙ্গিতে তিনি লিখেছেন, ‘এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল’।
প্রিয় অভিনেত্রীকে এমন ফুটবল উন্মাদনায় মেতে উঠতে দেখে ভক্তরাও উচ্ছ্বসিত। তার এই বিশেষ লুক ও ব্রাজিলপ্রেম সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। পোস্টটিতে অসংখ্য ভক্ত ভালোবাসা ও সমর্থনের মন্তব্য করছেন।
এদিকে, ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার স্বপ্নে বিভোর ব্রাজিল সমর্থকরাও হিমির এই পোস্টকে সাদরে গ্রহণ করেছেন। প্রিয় দলের প্রতি অভিনেত্রীর আবেগঘন সমর্থন তাদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।



























