বুধবার ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১:২১, ১৬ জুন ২০২৬

আসিফের দাবি আ. লীগের হামলা, মোশাররফ বলছেন ঘটনা কিছুই না

আসিফের দাবি আ. লীগের হামলা, মোশাররফ বলছেন ঘটনা কিছুই না
ছবি: সংগৃহীত

কলকাতায় দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের ওপর কিছু ব্যক্তি চড়াও হওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় তার সাথে স্ত্রী অভিনেত্রী রোবেনা রেজা জুঁইও ছিলেন। বিষয়টি যেভাবে উপস্থাপন করা হচ্ছে তেমন কিছু নয় বলে জানিয়েছেন এই অভিনেতা। তবে এনসিপি নেতা ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দাবি এটি আওয়ামী লীগের হামলা।

এ বিষয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি। ২০২৪ সালের ১ অাগস্টের একটি ভিডিও শেয়ার করে আসিফ লিখেছেন, ‘যে অবস্থা সৃষ্টি হয়েছে, তাতে ঘরে বসে থাকার মতো অবস্থা নেই। ১ আগস্ট ২০২৪; শিক্ষার্থীদের ঐতিহাসিক ৯ দফা দাবির পক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছিলেন অভিনেতা মোশাররফ করিম।’

আসিফ লিখেছেন, ‘সেই মোশাররফ করিমের ওপর পলাতক আওয়ামী লীগের হামলা প্রমাণ করে, ফ্যাসিবাদের দোসররা এখনও ঘৃণা ও সহিংসতার রাজনীতি থেকে বের হতে পারেনি। দেশের বাইরে গিয়েও তারা বাংলাদেশিদের জন্য হুমকি হয়ে উঠেছে।’

তবে আগামীর সময়কে মোশাররফ করিম বলেছেন, ‘লেখার মতো কোনো ঘটনাই ঘটেনি। যেভাবে সোশ্যাল মিডিয়ায় ব্যাপারটি ছড়িয়েছে আসলে ব্যাপারটি তেমন না। মানে এটা নিয়ে যে লিখবেন তেমন কোনো ঘটনাই ঘটেনি।’

মোশাররফ করিম জানিয়েছেন, এখানে আমাদের বেশ কয়েকজন বন্ধু রয়েছেন। তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে ও ঘুরতে এসেছি। আপনারা জানেন আমি ঘুরতে পছন্দ করি। কোনো সিনেমার শুটিংয়ে আসিনি। তিন চারদিনের মধ্যেই ঢাকায় ফিরব,’ বলছিলেন মোশাররফ করিম।

তবে ঘটনাটি একেবারে অস্বীকার না করলেও মোশাররফ করিমের ভাষ্য, ‘ফেসবুকে নানা কথাই রঙ চড়িয়ে ছড়ানো হয়, কিন্তু একটা সংবাদ লেখার মতো যতটুকু উপাদান প্রয়োজন ততটুকু এই ঘটনায় নেই। বলতে গেলে তেমন কিছুই ঘটেনি।’

এদিকে, ঘটনাকে পলাতক আওয়ামী লীগের দোসরদের কাপুরুষোচিত হামলা আখ্যা দিয়ে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এনসিপি নেতা। এ ঘটনায় ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে যাওয়া ঘটনাগুলোর মধ্যে রয়েছে ‘মোশাররফ করিম কলকাতায় হামলার স্বীকার হয়েছেন’, ‘কলকাতায় তোপের মুখে পড়েছেন মোশাররফ করিম।’

সর্বশেষ

জনপ্রিয়