সোমবার ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৪২, ২১ জুন ২০২৬

মা হতে চলেছেন সামান্থা

মা হতে চলেছেন সামান্থা
ছবি: সংগৃহীত

দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর ব্যক্তিগত জীবন আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভারতীয় গণমাধ্যমে জোর গুঞ্জন উঠেছে, প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন এই অভিনেত্রী। যদিও বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি সামান্থা কিংবা তার স্বামী নির্মাতা রাজ নিদিমরু।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে ঘনিষ্ঠ সূত্রের বরাতে দাবি করা হয়েছে, মা হতে চলেছেন সামান্থা। সম্প্রতি তার অভিনীত নতুন ছবি ‘মা ইন্তি বানগারাম’-এর সাফল্য উদযাপন অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখার পর অনেক ভক্তের ধারণা, সেখানে অভিনেত্রীর বেবি বাম্প স্পষ্টভাবে ফুটে উঠেছে। এরপর থেকেই সামাজিক মাধ্যমে অভিনন্দনের বার্তায় ভরে যায় মন্তব্যের ঘর।

সামান্থা ও রাজ নিদিমরুর পরিচয় এবং ঘনিষ্ঠতা গড়ে ওঠে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এ কাজ করার সময়। পরে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাওয়ায় তাদের সম্পর্ক নিয়ে আলোচনা আরও জোরালো হয়। গত বছরের ১ ডিসেম্বর বিয়ে করেন এই তারকা জুটি।

এদিকে, বিয়ের পর সামান্থার একটি পুরোনো সাক্ষাৎকারও নতুন করে আলোচনায় এসেছে। সেখানে রাজের পাঠানো একটি ভিডিও বার্তা দেখে অভিনেত্রীকে লজ্জা পেতে দেখা যায়। ওই বার্তায় সামান্থার কাজের প্রতি নিষ্ঠা এবং তামিল ও তেলুগু—দুই ইন্ডাস্ট্রিতেই সমান দক্ষতার সঙ্গে কাজ করার প্রশংসা করেছিলেন রাজ।

সম্প্রতি ‘মা ইন্তি বানগারাম’ ছবিতে আবারও একসঙ্গে কাজ করেছেন সামান্থা ও রাজ। ছবিটি পরিচালনা করেছেন নন্দিনী রেড্ডি। এর আগে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওহ! বেবি’ ছবিতেও সামান্থা ও নন্দিনী রেড্ডির সফল জুটি দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। নতুন ছবিটির প্রযোজনার দায়িত্বেও রয়েছেন রাজ নিদিমরু।

উল্লেখ্য, এর আগে দক্ষিণি অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সামান্থা রুথ প্রভু। চার বছরের দাম্পত্য জীবনের পর তাদের বিচ্ছেদ হয়। পরে নাগা চৈতন্য অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে বিয়ে করেন। বর্তমানে নতুন সংসার এবং ক্যারিয়ার—দুই ক্ষেত্রেই ব্যস্ত সময় পার করছেন সামান্থা।

জনপ্রিয়