রোববার ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৯, ২৮ জুন ২০২৬

কখনো বিবাহিত ছেলের প্রেমে পড়বে না : প্রভা

কখনো বিবাহিত ছেলের প্রেমে পড়বে না : প্রভা
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত অভিজ্ঞতা ও জীবনের নানা উপলব্ধি নিয়ে খোলামেলা কথা বলতে দেখা যায় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। এবার তিনি মেয়েদের জন্য দিলেন একটি স্পষ্ট বার্তা—কোনো অবস্থাতেই যেন বিবাহিত পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্কে না জড়ায়। নিজের সাম্প্রতিক এক অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, এমন সম্পর্ক শেষ পর্যন্ত শুধু মানসিক কষ্টই বয়ে আনে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রভা বলেন, “মেয়েরা শোনো, আমার ছোট-বড় প্রত্যেককে একটা অনুরোধ করি, যত কিছুই হোক, কোনোভাবেই একটা বিবাহিত ছেলের প্রেমে পড়া যাবে না। যতই ছেলে বলুক, ‘বউ ভালো না, সমাজের জন্য, সন্তানের জন্য সংসার রাখতে হচ্ছে’; এদের স্ক্রিপ্ট একই। এসব শুনবে না, বিশ্বাসও করবে না। বিশ্বাস করে যদি এরকম কোনো কিছুতে জড়িত হও, তাহলে সারাজীবন নিজেকে মাফ করতে পারবা না। সুতরাং কখনো কোনো বিবাহিত ছেলের প্রেমে পড়বে না, যতই ম্যানিপুলেট করার চেষ্টা করুক না কেন।”

প্রভা জানান, তিনি নিজেও কিছুদিন আগে এমনই এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, “তোমাদের অনেক কথা শুনতে হবে, কিছুদিন আগে আমাকেও এমন কথা শুনতে হয়েছে। আমার অলরেডি মুখস্থ হয়ে গেছে, এরা কী কী বলে। আমি তাকে সোজা বলে দিয়েছি, আপনার যদি ওই সংসারে এত সমস্যা থাকে, ডিভোর্সের প্রক্রিয়া যদি চলতেই থাকে, তাহলে সেটা আগে শেষ করে আসেন। তারপর ভেবে দেখব, আমরা একে-অন্যের জন্য মানানসই কিনা। এখন সে লোক বলে বেড়ায়, আমি নাকি সাইকো! আই অ্যাম হ্যাপি টু বি আ সাইকো। আই অ্যাম গ্ল্যাড, ওই সংসারে ঢুকিনি।”

অভিনেত্রীর মতে, অনেক বিবাহিত পুরুষ সংসারে অশান্তির অজুহাত দেখিয়ে অন্য নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন। তাই এমন ব্যক্তিদের সঙ্গে প্রেম তো দূরের কথা, বন্ধুত্ব করতেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

সর্বশেষ

জনপ্রিয়