শুক্রবার ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৯, ১০ জুলাই ২০২৬

বিয়ের পাঁচদিন পরই বড় সুখবর দিলেন আমির খান

বিয়ের পাঁচদিন পরই বড় সুখবর দিলেন আমির খান
ছবি: সংগৃহীত

বলিউড তারকা আমির খান বিয়ে করেছেন মাত্র পাঁচদিন হয়েছে। গত ৫ জুলাই ঘরোয়াভাবে পরিবারের সদস্য ও বন্ধুদের নিয়ে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন তিনি। আর তৃতীয় বিয়ের পরই যেন খুশির জোয়ার এল তার জীবনে। সুদূর বিদেশ থেকে বড় সুখবর দিলেন সদ্য বিবাহিত এ তারকা।

কী ভাবছেন―তারকাদম্পতির জীবনে নতুন সদস্যের আগমন ঘটতে যাচ্ছে? না, আমির খানের ক্যারিয়ারে নতুন দিগন্তের উন্মোচন হতে যাচ্ছে। কবির খান ফিল্ম ও অস্ট্রেলিয়ার মাইন্ড ব্লোয়িং ফিল্মসের সঙ্গে একত্র হচ্ছে তার প্রযোজনা সংস্থা। বলিউডের নতুন সিনেমা ‘সিল্কইয়ারা ৪১’ আসছে। বিদেশ থেকে সেই সুখবরই দিয়েছেন প্রযোজক-অভিনেতা।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন অস্ট্রেলীয় চিত্রনাট্যকার অ্যান্ড্রু আনাস্তাসিওস। এটি পরিচালনা করবেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ভারতীয় পরিচালক কবীর খান। এর আগে গুণী এই নির্মাতা ‘বজরঙ্গি ভাইজান’, ‘৮৩’, ‘এক থা টাইগার’র মতো সিনেমা নির্মাণ করেছেন।

আমির খানের এবারের সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে বলে জানা গেছে। উত্তরাখণ্ডের সিল্কইয়ারা সুড়ঙ্গের বিপর্যয়ের নেপথ্য এতে তুলে ধরা হবে। এর আগে ২০২৩ সালে উত্তরকাশীর সিল্কইয়ারা টানেল থেকে ৪১ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছিল। ১৭ দিনের রুদ্ধশ্বাস উদ্ধারকাজের পর সুড়ঙ্গ থেকে শ্রমিকদের বের করা সম্ভব হয়েছিল। তখন উদ্ধারকর্মীদের বীরত্বের মর্যাদায় স্মরণ করেছিল ভারতবাসী। সেই ঘটনাকেই তুলে ধরার চেষ্টা করা হবে ‘সিল্কইয়ারা’য়।

এ ব্যাপারে আমির খান বলেন, মাইন্ড ব্লোয়িং ফিল্মস এবং আমির খান প্রোডাকশনসের যুগান্তকারী এই সহযোগিতার ঘোষণা দিতে পেরে আমরা আনন্দিত। সিল্কইয়ারা টানেলে উদ্ধার অভিযানের ঘটনা খুবই সংবেদনশীল ও সাহসীকতার কাজ। যা আমাদের সবাইকে স্পর্শ করেছে। দুই দেশের যৌথ প্রয়াসে নির্মিত সিনেমাটি আন্তর্জাতিক সহযোগিতা এবং মানবিক চেতনার জয়কে উদযাপন করবে।

জনপ্রিয়