সোমবার ৩১ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:০৬, ৩০ আগস্ট ২০২৬

সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
ছবি: সংগৃহীত

বক্স অফিসে ‘আওয়ারাপন টু’র সাফল্যের আনন্দের মধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। ভাইরাসবাহিত সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার পর চিকিৎসকদের পরামর্শে বর্তমানে সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন তিনি। কয়েক দিন ধরে অসুস্থ থাকার পর মুম্বাইয়ে স্বাস্থ্য পরীক্ষা করালে তার শরীরে এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়।

সম্প্রতি কাজের প্রয়োজনে ভারতের রাঁচিসহ কয়েকটি শহর সফর শেষে মুম্বাইয়ে ফেরেন ইমরান। দেশে ফেরার পরপরই শারীরিকভাবে অসুস্থ বোধ করতে শুরু করেন তিনি। অসুস্থতার কারণেই ভারতের ব্যাঙ্গালুরুতে আয়োজিত ‘আওয়ারাপন টু’ সিনেমার একটি বিশেষ প্রদর্শনীতে উপস্থিত থাকতে পারেননি এই অভিনেতা।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের উদ্দেশে দুঃখপ্রকাশ করেছেন ইমরান হাশমি। বিশেষ প্রদর্শনীতে উপস্থিত থাকতে না পারায় তিনি ভক্তদের কাছে ক্ষমাও চেয়েছেন।

অভিনেতার শারীরিক অসুস্থতার খবরের মধ্যেও থেমে নেই ‘আওয়ারাপন টু’র বক্স অফিস সাফল্য। স্বাধীনতা দিবসে মুক্তি পাওয়া ছবিটি ইতোমধ্যে ভারতের বাজারে ৪০ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে। মুক্তির প্রথম দিনেই ২০০৭ সালে মুক্তি পাওয়া মূল ‘আওয়ারাপন’ সিনেমার মোট আয়কে ছাড়িয়ে যায় এর সিক্যুয়েল।

শুধু তাই নয়, মুক্তির প্রথম শনিবারের মধ্যেই ‘আওয়ারাপন টু’ ইমরান হাশমির আগের কয়েকটি সফল সিনেমা—‘হক’, ‘রাজ টু’, ‘এক থি ডাইন’ ও ‘জন্নাত’-এর মোট ব্যবসাকেও পেছনে ফেলে দিয়েছে। বক্স অফিসের দৌড়ে সিনেমাটি সানি দেওলের ‘বাটোয়ারা ১৯৪৭’ থেকেও বেশ এগিয়ে রয়েছে।

উল্লেখ্য, ২০০৭ সালের জনপ্রিয় ক্রাইম-থ্রিলার ‘আওয়ারাপন’-এর সিক্যুয়েল হিসেবে নির্মিত হয়েছে ‘আওয়ারাপন টু’। বিশেশ ফিল্মসের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন বিশেশ ভাট এবং পরিচালনা করেছেন নিতিন কক্কর।

সিনেমাটিতে ইমরান হাশমির পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিশা পাটানি ও শাবানা আজমি। দীর্ঘদিন পর পুরোনো চেনা রূপে ইমরান হাশমির পর্দায় ফেরাকে দর্শক ও ভক্তরা বেশ প্রশংসার চোখে দেখছেন। সেই আগ্রহের প্রতিফলন দেখা যাচ্ছে সিনেমাটির বক্স অফিস আয়েও।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়