মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:১৪, ৩১ আগস্ট ২০২৬

ভক্তদের সুখবর দিলেন রাশমিকা মান্দানা

ভক্তদের সুখবর দিলেন রাশমিকা মান্দানা
ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমার ব্যস্ততম অভিনেত্রীদের একজন রাশমিকা মান্দানা। একের পর এক সিনেমার শুটিং নিয়ে যখন ব্যস্ত সময় পার করছিলেন, ঠিক তখনই হঠাৎ শারীরিক চোটে থমকে যায় তার কর্মব্যস্ততা। ‘মাইসা’ সিনেমার একটি রোমাঞ্চকর দৃশ্যের শুটিং করতে গিয়ে হিপ ইনজুরিতে পড়েন এই অভিনেত্রী। চিকিৎসকের পরামর্শে বেশ কিছুদিন অভিনয় থেকে দূরে থাকতে হয় তাকে।

তবে সেই অনাকাঙ্ক্ষিত বিরতির পর অবশেষে স্বস্তির খবর দিয়েছেন রাশমিকা। দীর্ঘদিনের বিশ্রাম শেষে খুব শিগগিরই তিনি আবারও কাজে ফিরছেন। যদিও কর্মজীবনে ফেরার আনন্দের পাশাপাশি ঘরে কাটানো নিরিবিলি ও স্মৃতিময় দিনগুলোকে বিদায় জানানোর আক্ষেপও রয়েছে তার।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সম্প্রতি গৃহবন্দি সময়ের নানা মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেছেন রাশমিকা। সেখানে কখনো তাকে পরিবারের সঙ্গে আনন্দঘন সময় কাটাতে, কখনো পূজা দিতে দেখা গেছে। আবার প্রিয় পোষা কুকুরের সঙ্গে খেলায় মেতে ওঠা, ধাঁধার সমাধান করা কিংবা বাগানের সৌন্দর্য উপভোগ করার মুহূর্তও তুলে ধরেছেন তিনি।

এসব স্মৃতির কোলাজ শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আমি খুব শিগগিরই আবার কাজে ফিরছি, কিন্তু সত্যি বলতে এই দিনগুলোকে আমি ভীষণ মিস করব।’

ইনজুরিতে আক্রান্ত হওয়ার আগে টানা একাধিক প্রজেক্ট নিয়ে ব্যস্ত ছিলেন রাশমিকা। তার হাতে থাকা আলোচিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম ‘মাইসা’। গন্ড উপজাতির পটভূমিতে নির্মিত এই ইমোশনাল অ্যাকশন থ্রিলারে রাশমিকাকে দেখা যাবে এক সাহসী উপজাতীয় নারীর চরিত্রে। চরিত্রটি তার অভিনয়জীবনের আগের কাজগুলোর তুলনায় একেবারেই ভিন্ন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে বিজয়ের বিপরীতেও ‘রণবালী’ সিনেমায় অভিনয় করেছেন রাশমিকা। রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত তেলুগু পিরিয়ড ড্রামাটি ব্রিটিশ আমলের ভারতীয় ইতিহাসের কিছু অজানা অধ্যায়ের ওপর ভিত্তি করে নির্মিত। সিনেমাটি আগামী ১১ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়