মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৬:৩১, ৩১ আগস্ট ২০২৬

হামের ছোবলে আরও ৬ শিশুর মৃত্যু

হামের ছোবলে আরও ৬ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশে হামের পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৫৬ জনের শরীরে হাম অথবা এ রোগের উপসর্গ শনাক্ত হয়েছে। 

সোমবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে হামের উপসর্গে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মারা গেছে ৫ জন। এ ছাড়া বরিশাল বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।

নতুন এই ছয় মৃত্যু নিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে প্রাণ হারিয়েছেন মোট ৯৭৩ জন। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছেন ৮৭৪ জন। আর হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে ৯৯ জনের।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ১৬২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত দেশে হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৯৯১ জনের শরীরে। এ সময়ে হাম শনাক্ত হয়েছে মোট ১৯ হাজার ৩১২ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৩৮ হাজার ৪৪৫ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৪০৪ জন।

জনপ্রিয়