বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৭, ২৬ নভেম্বর ২০২৬

হাম উপসর্গে একদিনে আরও ৮ শিশুর মৃত্যু

হাম উপসর্গে একদিনে আরও ৮ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে নিশ্চিত ও সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১০৯ জন। 

বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম সংক্রমণে মৃত্যুর সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে সারাদেশে ১ হাজার ৩৬৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০৫ জন। মৃতদের প্রায় সবাই শিশু।

এর আগে দেশে হাম সংক্রমণে মৃত্যুর সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম ছিল। ২০০৬ সালে দৈবচয়নের ভিত্তিতে পরিচালিত এক জরিপে চারজনের মৃত্যুর তথ্য পাওয়া যায়। পরবর্তী সময়ে ২০১৭ সালে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়। এ ছাড়া ২০১৮ সালে ছয়জন এবং ২০২০ সালে সাতজনের মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়।

চলতি বছরের জানুয়ারিতে প্রথম কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে হাম রোগী শনাক্ত হয়। পরবর্তী সময়ে ফেব্রুয়ারিতে রাজধানীর কয়েকটি বস্তিতেও সংক্রমণ দেখা দেয়। তবে সরকারিভাবে গত ১৫ মার্চ থেকে হাম আক্রান্ত রোগী ও মৃত্যুর তথ্য প্রকাশ শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর।

সম্পর্কিত বিষয়: