হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
দেশে হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৩৫১ জন।
শুক্রবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও সিলেট বিভাগে তিনজন করে এবং খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট এক হাজার ৩৭৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০৬ জন। বাকি এক হাজার ২৭২ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ২৭৩ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৬২ হাজার ৮০৮ জনে। একই সময়ে নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৮ জনের। এ নিয়ে দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৫৫৪ জনে।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন দুই লাখ ৩৫ হাজার ৪৮২ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন দুই লাখ ২৬ হাজার ৪৪০ জন।



























