আফগানিস্তানে মিনিবাস খাদে পড়ে নিহত ১৫
পাহাড়ি পথে আরেকটি মর্মান্তিক দুর্ঘটনায় আফগানিস্তানে ঝরে গেল বহু প্রাণ। উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশে যাত্রীবাহী একটি মিনিবাস গভীর খাদে পড়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। খবর প্রকাশ করেছে এক্সপ্রেস ট্রিবিউন।
প্রাদেশিক পুলিশের এক মুখপাত্র জানান, বাদাখশান প্রদেশের একটি পাহাড়ি সড়ক দিয়ে রাজধানী ফাইজাবাদের দিকে যাওয়ার সময় মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার জন্য তিনি সড়কের চরমভাবে ক্ষতিগ্রস্ত অবস্থাকে দায়ী করেন। নিহতদের মধ্যে ছয় শিশু, পাঁচ নারী ও চার পুরুষ রয়েছেন।
তিনি আরও জানান, দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই ১২ জন নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়। ফলে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে।
দীর্ঘদিনের যুদ্ধ ও সংঘাতের কারণে আফগানিস্তানে সড়ক অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পাশাপাশি ঝুঁকিপূর্ণ যানবাহন চালনা ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাবে দেশটিতে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।
গত বছরের আগস্টে পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে ইরান থেকে ফেরা অভিবাসীদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় পড়ে ৭৮ জন নিহত হন। নিহতদের মধ্যে এক ডজনেরও বেশি শিশু ছিল। কর্তৃপক্ষের মতে, ওই দুর্ঘটনায় বাসটি একটি মোটরসাইকেল ও একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিল, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম ভয়াবহ সড়ক দুর্ঘটনা হিসেবে বিবেচিত হয়।
এছাড়া একই মাসে রাজধানী কাবুলের কাছে একটি মহাসড়কে চালকের অবহেলার কারণে একটি বাস উল্টে গিয়ে ২৫ জন নিহত হন বলেও জানিয়েছিলেন কর্মকর্তারা।



























