সোমবার ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:০৯, ৯ ফেব্রুয়ারি ২০২৬

যুদ্ধের দামামা, ইরানকে সহায়তায় প্রস্তুত হাজার হাজার ইরাকি

যুদ্ধের দামামা, ইরানকে সহায়তায় প্রস্তুত হাজার হাজার ইরাকি
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন সামরিক অভিযানের আশঙ্কার মধ্যেই প্রতিবেশী দেশ ইরাক থেকে এসেছে তাৎপর্যপূর্ণ বার্তা। যুক্তরাষ্ট্রের হামলা হলে ইরানকে রক্ষায় স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নিতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছেন হাজার হাজার ইরাকি নাগরিক।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই শনিবার (৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, ইরাকের দিয়ালা প্রদেশে অন্তত পাঁচ হাজার মানুষ একত্র হয়ে এ বিষয়ে একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছেন। তারা জানিয়েছেন, ইরাক, পূর্বাঞ্চলীয় প্রতিবেশী ইরান এবং তেহরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর পাশে দাঁড়াতে তারা বিনা পারিশ্রমিকে প্রস্তুত।

ঘোষণায় বলা হয়, নিজেদের নিরাপত্তা বাহিনী, পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) এবং ইরানকে সহায়তা করতে স্বেচ্ছাসেবী হিসেবে প্রস্তুত থাকার ঘোষণা দিচ্ছেন তারা। একই সঙ্গে ইসলামী প্রজাতন্ত্র ইরানে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হস্তক্ষেপ তারা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনা এবং উত্তেজনার মধ্যেই ইরাকের নাগরিকদের এমন ঘোষণা নতুন মাত্রা যোগ করেছে পরিস্থিতিতে।

এর আগে একাধিকবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে আকস্মিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে ইসরায়েল দাবি করেছে, ট্রাম্প ইরানে সরকার পতন ও সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছেন।

এমন পরিস্থিতিতে ইতোমধ্যে ইরানের উপকূলীয় জলসীমার কাছে মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ইসরায়েলও জানিয়েছে, তারা সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে।

সর্বশেষ