নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন: মির্জা আব্বাস
১১ দলীয় জোটের নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ তায়ালা তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন, বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। তিনি বলেন, আমি যেন নির্বাচনের দিন ১২ তারিখ পর্যন্ত ধৈর্য ধরে থাকতে পারি-এই দোয়া করি।
রবিবার (৮ ফেব্রুয়ারি) নিজের নির্বাচনি প্রচারণাকালে এসব কথা বলেন মির্জা আব্বাস।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী প্রায় নিয়মিতই নির্বাচনি প্রচারণায় মির্জা আব্বাসকে নিয়ে বিভিন্ন অভিযোগ করে আসছেন। এর প্রতিক্রিয়াতেই এসব মন্তব্য করেন বিএনপির এই নেতা।
তিনি অভিযোগ করেন, নির্বাচন বানচালের জন্য কয়েকটি দল পরিকল্পিতভাবে কাজ করছে এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফল পরিবর্তনের চেষ্টা চলছে। মির্জা আব্বাসের দাবি, নিজেরা যা করবে, তার দায় অন্য দলের ওপর চাপিয়ে দেয়া হচ্ছে। কারণ তাদের সমর্থিত দল এখন ক্ষমতায়।



























