শনিবার ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

আন্তর্জা‌তিক‌ ডেস্ক

প্রকাশিত: ০৮:৩১, ৭ ফেব্রুয়ারি ২০২৬

এক ধাক্কায় ৩ শতাধিক সাংবাদিক ছাঁটাই

এক ধাক্কায় ৩ শতাধিক সাংবাদিক ছাঁটাই
ছবি: সংগৃহীত

মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট একদিনেই কয়েক শ’ কর্মীকে ছাঁটাই করেছে। 

বুধবার (স্থানীয় সময়) প্রতিষ্ঠানটির প্রায় এক-তৃতীয়াংশ কর্মীকে চাকরি থেকে বাদ দেওয়া হয়।

বিষয়টি সম্পর্কে অবগত একজন সূত্র জানিয়েছেন, বুধবার ওয়াশিংটন পোস্টের প্রায় প্রতি তিনজন কর্মীর একজনকে ছাঁটাই করা হয়েছে। ছাঁটাই হওয়া কর্মীদের মধ্যে নিউজরুম বা সংবাদ বিভাগের কর্মীর সংখ্যাই ৩০০–এর বেশি।

এত বড় পরিসরে কর্মী ছাঁটাইয়ের ঘটনায় পত্রিকাটির মালিক অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোসের বিরুদ্ধে সমালোচনা আরও তীব্র হয়েছে। ওয়াশিংটন পোস্টের ভেতরেই অনেক সাংবাদিক উদ্বেগ প্রকাশ করে প্রশ্ন তুলছেন—বেজোস কি তবে প্রতিষ্ঠানটি বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছেন? আবার কেউ কেউ প্রকাশ্যেই আশা করছেন, তিনি যেন সেটিই করেন।

এ প্রসঙ্গে এক বিবৃতিতে দ্য পোস্ট গিল্ড বলেছে, “যদি জেফ বেজোস আর ওয়াশিংটন পোস্টের দীর্ঘমেয়াদি লক্ষ্য ও মূল্যবোধে বিনিয়োগ করতে আগ্রহী না হন, তাহলে এই পত্রিকার জন্য একজন নতুন অভিভাবক প্রয়োজন। 

কারণ, বহু প্রজন্ম ধরে ওয়াশিংটন পোস্ট সাংবাদিকতার মাধ্যমে লাখ লাখ মানুষকে সেবা দিয়ে এসেছে, আর সেই মানুষরা এখনও এই পত্রিকার ওপর নির্ভরশীল।”
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়াশিংটন পোস্টের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জেফ বেজোস প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। 

জানা গেছে, তিনি ব্যক্তিগতভাবে পত্রিকাটির ব্যবস্থাপনা বিভাগকে বার্ষিক লোকসান কমিয়ে প্রতিষ্ঠানটিকে আবার লাভজনক অবস্থায় ফিরিয়ে আনতে একটি টেকসই কৌশল খুঁজে বের করার নির্দেশনা দিয়েছেন।

এদিকে, বুধবার ছাঁটাই হওয়া কর্মীদের তালিকায় রয়েছেন আন্তর্জাতিক বিষয়ক জ্যেষ্ঠ কলাম লেখক ঈশান থারুর। তিনি ভারতের কংগ্রেস নেতা ও লোকসভার সদস্য শশী থারুরের ছেলে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে ঈশান থারুর নিজেই তার চাকরি হারানোর বিষয়টি নিশ্চিত করেছেন।