যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২
যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটিতে একটি ছাত্রাবাসে বন্দুক হামলার ঘটনা ঘটেছে, যেখানে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এই ঘটনা ঘটে। হামলার পর ক্যাম্পাসজুড়ে লকডাউন জারি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, রাত প্রায় ৯টা ১৫ মিনিটে হিউজেইন স্যুটস ছাত্রাবাস কমপ্লেক্সের একটি অ্যাপার্টমেন্টে গুলির ঘটনা ঘটেছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে নিহত বা আহত ব্যক্তিদের পরিচয় প্রকাশ করেনি এবং হামলাকারীর অবস্থান সম্পর্কে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ঘটনার তদন্তের দায়িত্ব সাউথ ক্যারোলাইনা রাজ্যের আইন প্রয়োগকারী বিভাগে অর্পণ করেছে। এছাড়া ঘটনার কারণে বৃহস্পতিবার রাতের সব ক্লাস বাতিল করা হয়েছে।
সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটি মূলত ঐতিহাসিকভাবে কৃষ্ণাঙ্গদের জন্য প্রতিষ্ঠিত একটি কলেজ। অরেঞ্জবার্গ শহরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ে ৩,০০০-এর বেশি শিক্ষার্থী অধ্যয়ন করে। শহরটি রাজ্যের রাজধানী কলম্বিয়া থেকে প্রায় ৪০ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত। এখানে আরেকটি ঐতিহাসিক কৃষ্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হলো ক্লাফলিন বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের জননিরাপত্তা দপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন, তাঁরা ঘটনার বিষয়ে সরাসরি তথ্য দিতে পারছেন না এবং তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।



























