কানাডায় স্কুল ও বাড়িতে বন্দুকধারীর হামলায় নিহত ৯
পশ্চিম কানাডায় পৃথক দুটি স্থানে বন্দুকধারীর গুলিতে অন্তত নয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)। হামলার ঘটনাগুলো ঘটেছে ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলে একটি হাইস্কুল ও একটি আবাসিক বাড়িতে।
মঙ্গলবার স্থানীয় সময় দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে বন্দুকধারীর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে তারা ছয়জনকে মৃত অবস্থায় উদ্ধার করে এবং আরো বহু মানুষ আহত হন।
আহতদের মধ্যে একজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। পুলিশ জানায়, সন্দেহভাজন হামলাকারীকেও মৃত অবস্থায় পাওয়া গেছে এবং তার শরীরে আত্মহত্যার আলামত পাওয়া গেছে।
গুরুতর আহত দুইজনকে হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া প্রাণনাশের ঝুঁকি নেই—এমন আঘাত পাওয়া প্রায় ২৫ জনকে স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা একটি বাসভবন থেকে আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে কেউ আহত হয়েছেন কি না বা কোনোভাবে যুক্ত আছেন কি না—তা নিশ্চিত করতে অতিরিক্ত বাড়ি ও বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে।
প্রাদেশিক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোট ১৭৫ জন শিক্ষার্থী রয়েছে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে বলা হয়েছে, টাম্বলার রিজ কমিউনিটিতে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার কারণে টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুল ও টাম্বলার রিজ এলিমেন্টারি স্কুল চলতি সপ্তাহের বাকি সময় বন্ধ থাকবে।



























