মিশরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৮
মিশরের উত্তর-পূর্বাঞ্চলীয় পোর্ট সাইদ প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন এবং আরও ৩ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জজিরা এ তথ্য জানিয়েছে।
মিশরের রাষ্ট্র পরিচালিত সংবাদপত্র আল-আহরাম–এর বরাতে জানা যায়, বৃহস্পতিবার স্থানীয় সময় আনুমানিক দুপুর ১২টা ৩০ মিনিটে পোর্ট সাইদের দক্ষিণে অ্যাক্সিস হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে।
অনলাইনে প্রকাশিত দুর্ঘটনার পরের একটি ভিডিওচিত্রে দেখা গেছে, একটি যাত্রীবাহী পিকআপ দুটি বড় পণ্যবাহী ট্রাকের মাঝখানে পড়ে মারাত্মকভাবে পিষ্ট হয়ে যায়। এতে পিকআপটি সম্পূর্ণ ধ্বংস হয়ে রাস্তাজুড়ে ছড়িয়ে পড়ে এর ভাঙাচোরা অংশ। জানা গেছে, পিকআপটিতে উপকূলীয় পোর্ট সাইদ এলাকার মাছের খামারে কাজ করতে যাওয়া স্থানীয় জেলেরা ছিলেন।
মিশরের প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবৌলি দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তিনি আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা এবং নিহত ও ক্ষতিগ্রস্তদের স্বজনদের জন্য আর্থিক সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন।
এক বিবৃতিতে প্রধানমন্ত্রী জানান, পোর্ট সাইদ প্রদেশের গভর্নরের মাধ্যমে তিনি পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।



























