রোববার ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:৫৭, ১৯ জুলাই ২০২৬

নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী: মামদানি

নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী: মামদানি
ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী হিসবে অভিহিত করেছেন নিউইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরে এলে মামদানি তাকে গ্রেপ্তার করতে চান।

আগামী ৮ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম সম্মেলন শুরু হবে। অন্য বিশ্বনেতাদের সঙ্গে নেতানিয়াহুরও যেখানে যোগ দেওয়ার কথা রয়েছে।

শনিবার প্রকাশিত ‘দ্য নিউইয়র্ক টাইমস’-এর সঙ্গে এক সাক্ষাৎকারে মামদানি বলেন, ‘আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জায়গা হেগ-এ (আন্তর্জাতিক অপরাধ আদালত)। তিনি একজন যুদ্ধাপরাধী, যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত অভিযোগ এনেছে।

গত কয়েক বছর ধরে তিনি যা করেছেন, শুধুমাত্র সে কারণেই বহু মানুষ এই একই মতামত পোষণ করেন।’ মামদানি এর আগে মেয়র নির্বাচনী প্রচারণার সময়ও নেতানিয়াহুকে গ্রেপ্তার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে তিনি জানান যে, কোনো বিদেশি নেতাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার ক্ষমতা তার আছে কি না সে বিষয়ে তিনি নিশ্চিত নন এবং এই বিষয়ে তিনি সিটির আইনি উপদেষ্টাদের সঙ্গে পরামর্শ করছেন।

মামদানি বলেন, ‘নিউইয়র্ক সিটিতে আইন আমাকে যা করার অনুমতি দেবে, আমরা ঠিক সেটাই করব।’ মামদানির এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, ‘মেয়র হিসেবে নিজের দায়িত্বে মনোনিবেশ করা এবং তার সিটিতে ক্রমবর্ধমান ইহুদি-বিদ্বেষের ঠেকানোর বদলে, তিনি ইসরায়েলকে আক্রমণ করে শত্রুতা উস্কে দিতে এবং হেডলাইন তৈরি করার পথ বেছে নিয়েছেন।’

ড্যানন আরো যোগ করেন, ‘এতে কোনো কিছুই পরিবর্তন হবে না। ইসরায়েলি প্রধানমন্ত্রী নিউইয়র্কে আসবেন, গর্বের সঙ্গে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন এবং ইসরায়েলের নাগরিকদের রক্ষা করার অবিচল অধিকারের কথা বিশ্বের সামনে তুলে ধরবেন।’

ড্যানন বলেন, ‘যদি কাউকে গ্রেপ্তার করতেই হয়, তবে তিনি হলেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি।’ সম্প্রতি নিউইয়র্কের একটি রেডিও শো’তে নেতানিয়াহু নিজেও মামদানির বিরুদ্ধে হামাসকে সমর্থন করার অভিযোগ তোলেন এবং বলেন, ‘আমি মনে করি, গোপনে তিনি (মামদানি) আমেরিকাকে ঘৃণা করেন।’

জনপ্রিয়