রোববার ০৯ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৫, ৮ আগস্ট ২০২৬

এবার পাকিস্তানে জামায়াতে ইসলামীর বিক্ষোভ

এবার পাকিস্তানে জামায়াতে ইসলামীর বিক্ষোভ
ছবি: সংগৃহীত

পেট্রল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পাকিস্তানজুড়ে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী। 

শুক্রবার (০৭ আগস্ট) দেশটির বিভিন্ন শহরে আয়োজিত এসব কর্মসূচিতে হাজারো মানুষ অংশ নেন। বিক্ষোভ ও অবস্থানের কারণে করাচি, লাহোর, পেশোয়ার, কোয়েটা, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি ও অ্যাবোটাবাদসহ বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয়।

বিক্ষোভকারীরা ‘যথেষ্ট হয়েছে’ ও ‘জনগণকে স্বস্তি দিন’ এমন বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড বহন করেন।

জামায়াতে ইসলামী পাকিস্তানের প্রধান হাফিজ নাঈমুর রহমান সরকারের করনীতি ও জ্বালানি মূল্যের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও তার মন্ত্রিসভার প্রতি নিত্যপণ্যের চড়া দাম কমানোর আহ্বান জানান।

তিনি বলেন, ‘এই সরকার, আগের সরকার এবং তার আগের সরকার—সবাই একই বিশৃঙ্খলার জন্য দায়ী। তাই এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

সরকার জনগণকে স্বস্তি দিতে ব্যর্থ হয়ে প্রভাবশালী গোষ্ঠীগুলোকে সুবিধা দিচ্ছে বলেও অভিযোগ করেন নাঈমুর রহমান। তিনি দাবি করেছেন, সরকার পেট্রোলিয়াম লেভির মাধ্যমে ৮ ট্রিলিয়ন পাকিস্তানি রুপি সংগ্রহ করেছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্তের কারণে লেভি কমানো সম্ভব নয়, সরকারের এমন যুক্তিও প্রত্যাখ্যান করেন জামায়াতের এই নেতা। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আপনারা বলছেন, আইএমএফ এটি করতে দেবে না। আপনাদের এবং আপনাদের আইএমএফকে তোয়াক্কা করি না। দরিদ্র মানুষ ও শিক্ষার্থীদের ওপর নিপীড়ন বন্ধ করুন। আমরা এসব মেনে নেব না।’

নাঈমুর রহমান শুক্রবারের বিক্ষোভকে কেবল ‘ট্রেলার’ হিসেবে উল্লেখ করে বলেন, মূল আন্দোলন এখনো শুরু হয়নি। রোববার লাহোরে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর বাসভবন এবং করাচি, পেশোয়ার ও কোয়েটায় গভর্নর হাউসের সামনে অবস্থান কর্মসূচির ডাক দেন তিনি। প্রয়োজন হলে এসব অবস্থান দীর্ঘায়িত করারও হুঁশিয়ারি দেন।

সূত্র : ইন্ডিয়া টুডে

জনপ্রিয়